নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভালো অবস্থানে নেই ইংল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রানে গুটিয়ে গিয়েছে তাঁরা। এর আগে ভারতকে তাঁরা আটকে ফেলেছিল ৩২৯ রানে। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ৯৫.৫ ওভার টিকে ভারতের প্রথম ইনিংস।
এই ইনিংস দিয়েই ইতিহাস গড়েছে ইংল্যান্ড। ভারত ৩২৯ রান তুলে ফেললেও ইংলিশ বোলাররা কোনো অতিরিক্ত রান দেয়নি। টেস্ট ইতিহাসে এটিই এখন পর্যন্ত অতিরিক্ত রান ছাড়া সর্বোচ্চ দলীয় ইনিংস। ৬৬ বছর যাবত এই রেকর্ড ছিল ভারতের দখলে।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ১৯৫৫ সালে কোন প্রকার অতিরিক্ত রান না দিয়ে ৩২৮ রান খরচ করে ভারতীয় বোলাররা। দুইশোর বেশি আছে আরও সাতটি, এর চারটিই ইংল্যান্ডের দখলে। দক্ষিণ আফ্রিকাকে ১৯৩১ সালে ২৫২ ও ১৯৬০ সালে ২৪৭ রানে থামায় তারা। ১৮৯২ সালে অস্ট্রেলিয়াকে থামায় ২৪৭ রানে।
চেন্নাই টেস্টে এমন ইতিহাস গড়ার পরে ব্যাট হাতে দায়িত্ব পালনে ব্যর্থ ইংলিশ ব্যাটসম্যানরা। নিজেদের প্রথম ইনিংসে কোনরকমে ফলো অন এড়ালেও চলতি টেস্ট জিততে হলে এক ধরনের জাদুকরী দেখিয়ে জয় ছিনিয়ে আনতে হবে সফরকারীদের। ম্যাচের প্রথম দুই দিন শেষে স্বাগতিকদের চেয়ে ২৪৯ রানে পিছিয়ে ইংল্যান্ড। ভারতের হাতে আছে এখনো নয়টি উইকেট।
