ডেস্ক রিপোর্ট »
ব্যাট হাতে হঠাৎই দারুণ ছন্দে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই ক্রিকেটার ঢাকা টেস্টের প্রথম ইনিংসে করেছেন অর্ধশতক। তার আগে চট্টগ্রাম টেস্টে করেছিলেন সেঞ্চুরি। এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালদের অবদানের কথা স্বীকার করা মিরাজ এই ইনিংসের পর কৃতজ্ঞতা জানালেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভকে।
চট্টগ্রাম টেস্টে শতকের পর চওড়া হয়েছে তার ব্যাট। ঢাকা টেস্টে ৫৭ রানের ইনিংস খেলে দেখিয়েছেন, ব্যাট হাতে নিয়মিত আলো ছড়ানোর সামর্থ্য আছে তার।
মিরাজ বলেন,’‘বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা ভালো করতে পারলে আমার জন্য অনেক বড় সুবিধা। আমি যখন আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলাম, তখন বোলার হিসেবেই শুরু করেছিলাম। ব্যাটিংয়ে ভালো কিছু করতে পারিনি। সবাই জানত আমি ব্যাটিং পারি, আমি নিজেও বিশ্বাস করি আমি ভালো ব্যাটিং করতে পারি। দূর্ভাগ্যবশত আমি ভালো করতে পারিনি। শুরুতে আন্তর্জাতিক মানের বোলারদের বিপক্ষে ভালো খেলতে পারিনি। এখন খেলতে খেলতে হচ্ছে। আশা করি সব সময়ের দলে ব্যাটিংয়ে অবদান রাখতে পারবো।’’
অধিনায়ক হিসেবে মিরাজের মধ্যে ভালো করার আত্মবিশ্বাস জোগানোর কাজটা দারুণভাবে করেছেন মুমিনুল। মুশফিকদের সাথে অনুশীলনে ঘাম ঝরিয়ে মুমিনুলের ভরসা-বাক্য নিশ্চয়ই ব্যাটিংয়ের আত্মবিশ্বাস বাড়াচ্ছে মিরাজের। সেই কথাই জানালেন তৃতীয় দিনের খেলা শেষে।
মিরাজ বলেন,’‘আমি কষ্ট করছি। ব্যাটিংয়ে মনোযোগ দিচ্ছি। সবাই বলছেন ব্যাটিংয়ে মনোযোগ দিতে। এছাড়া সবাই আমাকে আমার ব্যাটিং স্কিল নিয়ে অনুপ্রেরণা দিয়েছেন। এই টেস্টে সবাই আমাদের পেছন থেকে উৎসাহ দিয়েছে। আমাদের সিনিয়র খেলোয়াড়, আমাদের অধিনায়ক মুমিনুল ভাই আমাকে সাপোর্ট করেছে, ব্যক্তিগতভাবে সবসময় বলেছে আমি রান করতে পারলে দলের জন্য তা ভালো। মুশফিক ভাইও আমাকে অনুশীলনের সময় নানা রকম টিপস দিয়েছিলেন। এই যে সিনিয়রদের, অধিনায়কের মানসিক সমর্থন পেয়েছি, এটা দলের জন্য বা আমার ব্যক্তিগত জীবনের জন্য অনেক বড় এক পার্ট। অধিনায়ক যদি আমাকে সাহস দেয় ভরসা দেয় তাহলে কিন্তু পারফর্ম করতে সুবিধা হবে। এটাই চেষ্টা করেছি। সবাই উৎসাহ দেওয়ায় নিজের আত্মবিশ্বাস ভালো ছিল।’’
