ডেস্ক রিপোর্ট »
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ওপেনার রোহিত শর্মা খেলেছেন ওয়ানডে মেজাজে। ডানহাতি এই ওপেনারের ১৬১ রানের সুবাদে প্রথম দিন কাটিয়ে ভারত স্কোরবোর্ডে তুলেছে ৩০০ রান। ২ ছয় আর ১৮ চারের এই ইনিংস খেলার পেছনে মানসিক প্রস্তুতি মূখ্য ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রোহিত।
দুর্দান্ত এই ইনিংস খেলার পেছনের কারণ নিজেই প্রথম দিনের খেলা শেষে জানিয়েছেন রোহিত। তাঁর কাছে মনে হয়েছে মানসিক ভাবে এগিয়ে থাকলেই ভালো কিছু করা সম্ভব।
তিনি বলেন,”আমরা জানতাম এখানের পিচ কেমন হবে। সেই ধারণা নিয়েই গত কয়েকদিন অনুশীলন করেছি। এই পিচে বল বেশি টার্ন পাবে এবং সেজন্য পায়ের ব্যবহার বেশি করতে হবে। এই ধরনের পিচে খেলতে হলে আগে থেকে প্রস্তুতি রাখতে হবে। আপনাকে বোলারদের চেয়ে এগিয়ে থাকতে হবে।এখানে যদি বল টার্ন পায় তাহলে বুঝতে হবে এটা কতটা টার্ন পাচ্ছে। বাউন্স পাচ্ছে নাকি নিচু হয়ে আসবে, আমি এগুলোই ভেবেছি কোন শট খেলার আগে। আমি আগেই থেকে মানসিক প্রস্তুত ছিলাম। আমি জানতাম মাঠে ঢোকার পর আমাকে কি ধরনের পরিস্থিতি সামাল দিতে হবে। এসবকিছুর পেছনে আমার অনুশীলন অনেক অবদান রেখেছে।’’
এছাড়া ম্যাচ শেষে এমন মারমুখী শট খেলার কারণও ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন,”বল বেশি টার্ন করার আগে আমি আমার পছন্দের শটটি খেলতে চেয়েছি। কারণ শট নির্ধারণে দেরি করে ফেললে বল বেশি টার্ন করার সুযোগ পাবে। এজন্য মানসিক ভাবে দ্বিধায় ভোগা যাবে না। যদি আপনি সুইপ খেলতে চান, তাহলে সুইপ খেলুন, যদি সামনে গিয়ে খেলতে চান তাও পারবেন।”
