ডেস্ক রিপোর্ট »
ঢাকা টেস্টের প্রথম দুইদিন উইকেটে স্পিনাররা তেমন সুবিধা পায়নি বলে দুই দলই অভিযোগ করেছিল। তবে তৃতীয় দিনে এসে ঠিকই সুবিধা তুলে নিয়েছেন ক্যারিবীয় স্পিনার রাকিম কর্নওয়াল। বাংলাদেশকে উড়িয়ে দেয়ার সঙ্গে ৭৪ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছেন তিনি। মূলত বোলিং কোচের টোটকাতেই সফল হয়েছেন বলে জানিয়েছেন ডানহাতি এই অফস্পিনার।
চট্টগ্রামের উইকেট স্পিনারদের অনেকটা সহায়তা করলেও ঢাকায় এসে সেভাবে সুযোগ তুলতে পারছিল না তারা। যে কারণে বোলিং কোচের পরামর্শে বাউন্স ও স্পিন আদায় করে নিতে স্টাম্প বরাবর বোলিং করেছেন কর্নওয়াল। আর তাতেই সফল হয়েছেন বলে জানান এই ক্যারিবীয় স্পিনার।
তৃতীয় দিনের খেলা শেষে কর্নওয়াল বলেন,”আমি মনে করি এটি ভালো একটি পারফরম্যান্স।কোচরা আমাকে সেখানে যেতে এবং আমার কাজটা করার জন্য সহায়তা করেছে। পরিস্থিতিটা ভালোই ভাবতে পারেন। পিচ কিছুটা ধীরগতির। এখানে (ঢাকা ) চট্টগ্রামের চেয়ে কিছুটা বেশি বাউন্স রয়েছে। আপনাকে ধৈর্য্য ধরতে হবে। বাউন্স এবং স্পিনের জন্য স্টাম্প বরাবর করতে হবে। বোলিং কোচ আমাকে এটাই পরামর্শ দিয়েছিল। আপনি কন্ডিশনের দিকে খেয়াল করুন এবং আপনার কাজটা দেখুন।’’
প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৫৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১১৩ রানের লিড নিলেও তৃতীয় দিনের শেষ বিকেলে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। বাংলাদেশের স্পিনারদের ঘুর্ণিতে ৩ উইকেটে করেছেন মাত্র ৪১ রান।
