ডেস্ক রিপোর্ট »
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওপেনার শাহরিয়ার নাফীস। তবে যেখানে শেষ করেছেন সেখান থেকেই আবার ক্রিকেটের নতুন অধ্যায় শুরু করছেন তিনি। আজ শনিবার সব ধরণের ক্রিকেট থেকে বিদায় নিলেও কাজ করে যাবেন ক্রিকেট নিয়েই। কারণ সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার হিসেবে।
আজ (১৩ ফেব্রুয়ারি) ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) আয়োজনে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছেন নাফিস। এছাড়া তাঁর সঙ্গে সবধরনের ক্রিকেট কে বিদায় বলেছেন আব্দুর রাজ্জাকও। তিনি দায়িত্ব পালন করবেন বিসিবির তৃতীয় নির্বাচক হিসেবে।
খেলোয়াড়ি জীবনকে ইতি টানা নাফিস অনুষ্ঠান শেষে কথা বলেন উপস্থিত গণমাধ্যমের সঙ্গে। ক্যারিয়ার নিয়ে কোন অতৃপ্তি নেই উল্লেখ করে নাফিস বললেন এভাবে বিদায় নিতে পারা তাঁর জন্য সৌভাগ্যের।
ক্রিকেট খেলাকে বিদায় জানানো নাফিস বলেন,”গতকাল থেকেই চিন্তাভাবনা করছিলাম। আমি খেলব না এটা তাতে খুব কষ্ট লাগছে না, তবে অনুভূতিটা অদ্ভুত জানি। আমি একটা স্কুলে পড়লাম, স্কুল ছেড়ে দিচ্ছি- ওরকম অনুভূতি। খুবই অদ্ভুত। আমি সবসময় সব সিদ্ধান্ত ভেবেচিন্তে নিয়েছি, পরিস্কার করে। আমি চিন্তা করেছি যখন একজন খেলোয়াড় হিসেবে আর অবদান রাখতে পারব না। তবে সবসময় বলেছি আমি ক্রিকেটের সঙ্গেই থাকব। আমার কাছে মনে হয়েছে এটাই সঠিক সময়। কারণ খেলে যতটুকু অবদান রাখতে পারব তার চেয়ে বেশি এখন পারব। এজন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়নি।”
