রোহিতের সেঞ্চুরি, সমানে লড়ছে ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট »

অস্ট্রেলিয়া সিরিজের পর ঘরের মাঠে প্রথম টেস্টেও আশানুরূপ স্কোর না করতে পারায় ২য় টেস্টের আগে একাদশে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। এমনকি ভারতীয় সমর্থকদের একাংশ চেয়েছিলেন ২য় টেস্টের একাদশে তাকে না রাখতে। সব সমালোচনা-আলোচনা ছাপিয়ে চেন্নাইয়ে ২য় টেস্টে ব্যাট হাতে ঝড় তুললেন হিটম্যান খ্যাত রোহিত শর্মা।

তার করা দেড়শো আর আজিঙ্কা রাহানের অর্ধশতকে প্রথম দিনে বাজিমাতের চেষ্টা করলেও ইংলিশ বোলারদের দূর্দান্ত কামব্যাকে দিনশেষে সমান সমান লড়াইয়ে রয়েছে দু’দলই।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। দলে আসে তিন পরিবর্তন! বুমরাহ, ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ নাদীমের বদলী দলে সুযোগ পায় অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও কুলদীব যাদব। অপরদিকে ইংলিশ দলে মাঠে নামে চার পরিবর্তন নিয়ে, বাটলার, ডম বেস, আর্চার, এন্ডারসনদের বদলী সুযোগ পান ওলি স্টোন, বেন ফোকস, মঈন আলী ও স্টুয়ার্ট ব্রড।

ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেননি তরুন শুভমান গিল! প্রথম ওভারেই ওলি স্টোনের অফ স্টাম্পের খানিকটা বাইরের বল ছাড়তে গিয়ে লেগ বিফোরের শিকার হয়ে শূন্য রানেই আউট হন তিনি। ২য় উইকেটে পুজারাকে নিয়ে জুটি গড়েন রোহিত, একপাশ থেকে দ্রুতগতিতে রান তুলতে থাকেন এই ওপেনার। ২য় উইকেটে ৮৪ রানের জুটি গড়েন ওভার প্রতি ৪ রানরেটে!

বেশ স্বাচ্ছন্দে ব্যাট করতে থাকা পুজারাকে স্পিন ভেলকিতে আউট করেন জ্যাক লিচ। পরের ওভারেই মঈন আলীর দূর্দান্ত টার্নিং ডেলিভারিতে শূন্য রানেই বোল্ড হন অধিনায়ক ভিরাট কোহলি! নিজের টেস্ট ক্যারিয়ারের ১৫০ তম ইনিংস খেলতে নেমে রানের খাতা খোলার আগেই মাঠ ছাড়েন তিনি। অবশ্য ক্রিকেট গড শচীন টেন্ডুলকারও নিজের টেস্ট ক্যারিয়ারের ১৫০তম ইনিংসে শূন্য রানেই আউট হয়েছিলেন।

মাত্র ৮৬ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে যখন ভারত, ব্যাট হাতে রোহিতের সাথে দলের হাল ধরলেন আজিঙ্কা রাহানে। দাপটের সাথে ব্যাটিং করে একপাশে রোহিত তুলে নেন দূর্দান্ত শতক! দলীয় ১৪৭ রানের মধ্যে একাই শতরান করেন মি. হিটম্যান। ৪র্থ উইকেটে দু’জনের ১৬২ রানের জুটি ইংলিশদের করা কঠিন প্রাচীর ভেদ করে ভারতকে ম্যাচে শক্ত অবস্থানে নেয়।

প্রথম দিনে যখন বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিলো রোহিত-রাহানেরা, তখনি ভারতীয় শিবিরে লিচ-মঈন আলীর জোড়া আঘাতে ১ রানের মাথায় আউট রোহিত-রাহানে! ব্যক্তিগত ১৬১ রানে রোহিত ও ৬৭ রানে রাহানে বিদায় নিলে আবারো ম্যাচে ফেরত আসে ইংলিশরা। ম্যাচের হাল ধরতে ক্রিজে তখন রিশাব পান্ট ও অশ্বিন। দুইজনের ৩৫ রানের জুটির পথে দিনের যখন শেষ ৫ ওভার বাকি, অধিনায়ক রুটের হাতে কাটা পড়লেন অশ্বিন। ২৮৪ রানে ৬ উইকেট হারিয়ে অনেকটাই মুখ থুবড়ে পড়ে ভারতীয় শিবির!

শেষ পর্যন্ত রিশাব পান্টের অপরাজিত ৩৩ ও অক্ষর প্যাটেলের ৫ রানে ৬ উইকেটে ৩০০ রানে দিনশেষ করে ভারত। ইংলিশদের পক্ষে জ্যাক লিচ ও মঈন আলী নেন ২ টি করে উইকেট। সময় স্বল্পতায় প্রথম দিনে মোট ৮৮ ওভারের খেলা অনুষ্ঠিত হয়। রোহিতের দাপুটে ব্যাটিংয়ের পরও ইংলিশ বোলারদের দূর্দান্ত কামব্যাকে চেন্নাই টেস্টের ১ম দিনশেষে দু’দল লড়াইয়ে রয়েছে সমানে সমান অবস্থানে।

সংক্ষিপ্ত স্কোরঃ ভারত ৩০০/৬ (রোহিত ১৬১, রাহানে ৬৭, পান্ট ৩৩*)
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »