নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
খেলোয়াড়ি জীবনকে বিদায় বলেছেন জাতীয় দলের সদ্য সাবেক কিংবদন্তি স্পিনার আব্দুর রাজ্জাক। খেলোয়াড়ি জীবন ছেড়ে বসতে যাচ্ছেন জাতীয় দলের নির্বাচকের চেয়ারে। এজন্য নতুন ভূমিকায় যোগ দেওয়ার আগে মাঠকে বিদায় বলতে হয়েছে তাঁকে।
আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন রাজ্জাক। এ সময় তাঁকে বেশ আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। নিজের অনুভূতি প্রকাশের ভাষাও যেন বারবার হারিয়ে ফেলছিলেন নতুন এই নির্বাচক।
এ সময় রাজ্জাক বলেন,’‘গতকাল পর্যন্ত আমি বলতে পেরেছি আমি ক্রিকেট খেলোয়াড়, এখন থেকে বলতে হবে অন্যকিছু, যা আমার পেশা। হয়ত জিনিসটা সহজে বলতে পারছি তবে আমার জন্য এত সহজ না। ঘোরের মধ্যে আছি এখনো।’’
এর আগে ১৯৯৪ সালে বিকেএসপিতে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করেন রাজ্জাক। এ বিষয়ো তিনি বলেন,’‘১৯৯৪ সাল থেকে ক্রিকেটের মধ্যে, তখন বিকেএসপিতে ভর্তি হয়েছি। সেই জিনিসটাকে বিদায় বলা… তবে খুবই স্বাভাবিক ব্যাপার। একটা সময় আসলে প্রত্যেক মানুষকেই এক কাজ থেকে অন্য ভূমিকায় যেতে হয়। তারপরও আবেগ বলে যেহেতু একটা কথা আছে আমার মাঝে সেটা খুব কঠিনভাবে কাজ করছে। খুব ভালোভাবে কিছু বলা, গুছিয়ে বলা আমার জন্য একটু কঠিন।’’
