ডেস্ক রিপোর্ট »
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ক্যারিবীয়দের রান পাহাড় গড়ার পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব উইকেটরক্ষক ব্যাটসম্যান জশুয়া ডি সিলভার। তবে এই ইনাংসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থেকে বিদায় নিতে হয়েছে তাকে। ম্যাজিক ফিগারের এত কাছে এসেও ছুঁতে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ তিনি।
এমনকি সাজঘরে ফিরে যাওয়ার সময় চোখ দিয়ে অশ্রু ঝরছিল বলেও জানান তিনি। দ্বিতীয় দিনের প্রথম সেশনে রীতিমত মাটি আঁকড়ে ব্যাট করছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
৯২ রানে আউট হওয়ার পর উইকেট ছেড়ে যেন বের হয়ে আসতে চাচ্ছিলেন না সিলভা। ম্যাচ শেষেও নিজেও তা স্বীকার করলেন তবে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দলের মংগ্রহ বড় করতে সাহায্য করতে পারায় দারুণ খুশি তিনি।
ম্যাচ শেষে সিলভা বলেন,”যা করেছি এতে দারুণ খুশি। হাফ সেঞ্চুরি পেয়েছি, তবে এটি যথেষ্ট ভাল ছিল না। আমি ৯২ রানে আউট হয়েছি। আমি খুবই হতাশ ছিলাম, উইকেট ছেড়ে যেতে যেতে সম্ভবত দু-একটি অশ্রু ফোটা মাটিতে পড়ছিল। টেস্ট ক্রিকেট মানেই ব্যাটিং। আপনি যখন দীর্ঘ সময় ব্যাট করবেন এটি আরও সহজ হয়ে যাবে।”
সিলভাও স্বীকার প্রত্যাশা মতো টার্ন করেনি স্পিনারদের বল। তবে দিন গেলে বল আরো টার্ন করবে বলে আশাবাদী তিনি।
