ডেস্ক রিপোর্ট »
চলতি মাসের ১৮ ফেব্রুয়ারি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২১ এর নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে চেন্নাইয়ে।এই টুর্নামেন্টে খেলার জন্য নিলামে নাম লিখিয়েছেন পৃথিবীর প্রায় সব তারকা ক্রিকেটার।
তবে এই হট কেক টুর্নামেন্ট খেলতে নাম লেখান নি জো রুট। ব্যাট হাতে যেরকম দুর্দান্ত সময় পার করছেন তাতে নিলামে থাকলে তাঁকে নিয়ে কাড়াকাড়ি সৃষ্টি হতো দলগুলোর মাঝে। এই নিয়ে টানা তৃতীয় বারের মতো নিলামে নেই তারকা ইংলিশ ব্যাটসম্যান জো রুটের নাম।
মূলত চলতি বছর ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যস্ত সূচী থাকায় এবারের আইপিএলেও যোগ দিতে ইচ্ছুক নন বলে জানিয়ে দিয়েছেন তিনি। আইপিএল নিয়ে নিজের আগ্রহের কথা প্রায় সময়েই জানিয়েছেন ইংলিশ এই অধিনায়ক। সবশেষ ২০১৮ সালে নিলামে নাম লেখালেও রুটের প্রতি আগ্রহ দেখায়নি কোন দল।
যদিও এবারের মৌসুমে আইপিএলে অংশগ্রহণ না করার সিদ্ধান্তটা কঠিন ছিল বলে জানিয়েছেন রুট। এ প্রসঙ্গে ইংল্যান্ডের সাদা পোশাকের অধিনায়ক বলেন,’‘আইপিএল নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্তটা অবশ্যই কঠিন ছিল। ক্যারিয়ারের এই সময়ে এসে আইপিএলের মতো আসরে অংশগ্রহণ করতে পারাটা অবশ্যই আমার জন্য আনন্দের। আমি সবসময়ই আইপিএল খেলতে চেয়েছি এবং এর অংশ হতে ভালোবেসেছি। কিন্তু চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচী থাকায় এবারের আসরে সেই সুযোগ নেই।’’
তবে এবার না হলেও আগামী মৌসুমে আইপিএলে থাকতে চান রুট। দল না পেলেও অন্তত নিলামে অংশ নিবেন বলেও জানিয়েছেন তিনি।
