নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার প্রকোপ আবারো বাড়তে শুরু করেছে আফ্রিকার দেশগুলোতে। দ্বিতীয়ধাপে প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া। এবার সেই দেশেই ৩ টি ওয়ানডে এবং ৪ টি টি-টোয়েন্ট খেলতে যাচ্ছে পাকিস্তান। আগামী ২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল সেখানে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ দুটি খেলবে তারা। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই দক্ষিণ আফ্রিকার অঙ্গরাজ্য হিগবেল্টের ওয়ান্সডার্স এবং সুপার স্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধে একটি টি-টোয়েন্টি বাড়িয়ে চারটি করা হয়েছে। এছাড়া ওয়ানডে সিরিজের একটি ম্যাচ পিংক ডে ম্যাচ হিসেবে গন্য হবে। কেননা এই ম্যাচের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তদের জন্য অর্থ সংগ্রহ করা হবে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের এই কঠিন সময়ে দেশটিতে সফর করায় পিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিএ’র ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ।
তিনি বলেন,”স্বল্প সময়ের মধ্যে আমাদের অনুরোধে সম্মতি জানানোয় এবং সফরের দৈর্ঘ্য বাড়িয়ে চারটি টি-টোয়েন্টি খেলতে রাজি হওয়ায় আমরা পিসিবির প্রতি কৃতজ্ঞ। সীমিত ওভারের অন্যতম বিপজ্জনক দল হিসাবে পাকিস্তান কয়েক বছর ধরে তাদের অবস্থান প্রমাণ করে চলেছে। আমি নিশ্চিত যে তারা প্রোটিয়াদের কঠোর পরীক্ষা নেবে। এই সফরে বহুল প্রতিক্ষিত গোলাপী ওয়ানডে অনুষ্ঠিত হবে। খেলোয়াড়, দর্শক এবং সকলেই এই প্রতীক দিবসের জন্য অপেক্ষায় রয়েছে।”
এই কঠিন সময় দেশটিতে সফর করে তাদের সহয়তা করতে পারায় বেশ আনন্দিত পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরিচালক জাকির খান।
তিনি বলেন,”আমরা এই কঠিন সময়ে আমাদের সহযোগী সদস্য দেশকে সহায়তা করতে পেরে আনন্দিত। আইসিসির সদস্য হিসাবে একসঙ্গে আমাদের খেলা এবং এর কল্যাণ দেখাশোনা করার সম্মিলিত দায়িত্ব রয়েছে। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং পারস্পরিক মূল্যবান একটি সম্পর্ক। তাদের অনুরোধ রক্ষা করা আমাদের পক্ষে সহজ সিদ্ধান্ত ছিল। আমরা সবাই একটি সফল সফরের প্রত্যাশায় রয়েছি।”
