চেন্নাইয়ের পিচ ছিল ‘জঘন্যতম’: আর্চার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারত-ইংল্যান্ড চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ২২৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। তবে চেন্নাই ম্যাচের পিচ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। ম্যাচের প্রথম দিন থেকেই অদ্ভুত আচরণ করা এই পিচে ব্যাট করা যেমন কঠিন ছিল, তেমনি পেসারদের জন্য ছিল না কোন বাড়তি সুবিধা। ম্যাচের দুইদিন যেতে না যেতেই পরিস্থিতি আরো বেশি খারাপ হওয়া শুরু করেছিল।

পেস আক্রমণে জফরা আর্চার ছিলেন নিষ্প্রভ। দুই ইনিংস মিলিয়ে উইকেট পেয়েছেন মাত্র ৩ টি। গতিময় এই পেসার তাই ম্যাচ জিতেও খুশি ছিলেন না। চেন্নাইয়ের পিচকে তাঁর ক্যারিয়ারের দেখা জঘন্যতম পিচ উল্লেখ্য করে নিজের ক্ষোভ ঝেড়েছেন তিনি।

এই সাক্ষাৎকারে আর্চার বলেন,’‘ম্যাচের পঞ্চম দিনে চেন্নাইয়ের পিচ ছিল আমার দেখা এখন পর্যন্ত সব থেকে জঘন্যতম পিচ। এটা কমলা রঙের হয়ে গিয়েছিল, বিট পাচ্ছিল না এবং বোলারদের জন্যে সঠিক লক্ষ্যে বল করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এমন পরিস্থিতিতে জয়ের জন্য আমাদের নয় উইকেটের প্রয়োজন ছিল। সেই নয়টি উইকেট আবার অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যানদের। যারা কিনা এমন পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে অভ্যস্ত।’’

আত্মবিশ্বাসী থাকলেও কাজটা যে সহজ ছিলনা তা জানতেন আর্চার। তিনি বলেন,’‘এসব কিছুর পরেও শেষদিনে মাঠে নামার আগে আমি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। তবে ভারতীয় ব্যাটসম্যানরা যে এত তাড়াতাড়ি অলআউট হয়ে যাবে সে ধারণা ছিল না।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »