নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রামে প্রথম টেস্টে এক ঝাঁক স্পিনার নিয়েও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সেই টেস্টে একমাত্র পেসার হিসেবে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। তবে ঢাকা টেস্টে মুস্তাফিজ নেই। তাঁর বদলি হিসেবে আছেন আবু জায়েদ রাহি। এছাড়া আছেন পার্ট টাইম পেসার সৌম্য সরকার।
আর এই প্রথম দিনের খেলা শেষে দেখা গেলো সফল পেসাররাই। তারা ২ জন ২৬ ওভার বল করে তুলে নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন মনে করেন, দেশের মাটিতেও একাধিক পেসার খেলানোর সাহস দেখানো উচিত বাংলাদেশের।
প্রথম দিনের খেলা শেষে তিনি বলেছেন,”ফাস্ট বোলিং কোচ হিসেবে অবশ্যই আমার ভালো লাগত আরও দু-একজন ফাস্ট বোলার খেলাতে পারলে। কিন্তু এই মুহূর্তে তা কঠিন, বাস্তবতার কারণেই আমরা এক পেসার খেলাচ্ছি। তবে আমার মনে হয়, আজকের কন্ডিশন দেখিয়ে দিয়েছে যে, কখনও কখনও এমনকি বাংলাদেশেও দুই জন পেসার খেলানোর সাহসী সিদ্ধান্ত আমাদের নিতে হবে।”
গত বছর বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর থেকেই পেসারদের নিয়ে নিয়মিত কাজ করছেন এই ক্যারিবীয় কোচ। সবসময়ই তিনি পেসারদের অধিক সুযোগের পক্ষে ছিলেন। তাঁর হাত ধরেই বাংলাদেশের পেস ইউনিটে আছেন এখন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং এবাদত হোসেনের মতো পেসাররা।
