নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পেস বোলার মানেই অনেকে ভেবে থাকেন গতির ঝড়। তবে পেসার মানেই যে ঝড়ো গতি এমনটা নয়! কেউ কেউ কম গতি দিয়েই ঘায়েল করতে পারেন ব্যাটসম্যানকে, তাদেরও পেসারই বলা হয়ে থাকে। আবু জায়েদ চৌধুরী রাহী নিজের এই গতি কম বোলার মেনেই টিকে থাকতে চান আন্তর্জাতিক ক্রিকেটে।
মূলত সুইং দিয়েই টেস্ট দলে নিজের জায়গা পোক্ত করেছেন রাহী। লাইন আর লেন্থ ঠিক রেখে রাহী আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার লড়াইয়ে নিজেকে বিলিয়ে দিতে চান।
নিজের কম গতির বোলিং নিয়ে রাহীর ভাষ্য,”আমি যে বোলিংটা করি, তাতে গতিটা একটু কম। আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে লাইন এবং লেন্থ ঠিক রাখতে হবে। আমি যখন বোলিং করি, তখন আমার মাথায় এটাই থাকে- আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে আমাকে লাইন লেন্থ ঠিক রেখেই বোলিং করতে হবে।’’
রাহী জানেন, লাইন লেন্থ ঠিক রাখতে না পারলে কম গতির বোলিং দিয়ে পেস ডিপার্টমেন্টে টিকে থাকা কঠিন। এই কঠিন বাস্তবতা মেনে নিয়েই চ্যালেঞ্জ নিচ্ছেন সিলেটের এই পেসার। তিনি বলেন,”এছাড়া আমার কাছে কোনো দ্বিতীয় অপশন নেই। আমি এটাই মাথার মধ্যে রেখেই বোলিং করি।’’
