আসছেন না রেডফোর্ড, দায়িত্বে থাকবেন চম্পাকা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি মাসে এবং মার্চে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। তবে দুঃসংবাদ হয়ে এলো আসন্ন এই সিরিজে হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ টবি রেডফোর্ডকে পাচ্ছে না বাংলাদেশ। মূলত শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশে আসা হচ্ছে না তাঁর। নতুন এই কোচের পরিবর্তে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রধান কোচের দায়িত্ব সামলাবেন চম্পাকা রামানায়েক।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে সাইমন হেলমেটের বদলি হিসেবে গেল বছরের অক্টোবর বাংলাদেশ এইচপি দলের দায়িত্ব নিয়েছিলেন টবি রেডফোর্ড। এরপর বাংলাদেশে এসে তরুণদের ব্যাটিং নিয়ে বেশ কিছুদিন কাজ করেছেন এই ইংলিশ কোচ। যার ফলও পেয়েছেন হাতে নাতে।

চট্টগ্রামে ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন শ্রীলঙ্কান চম্পাকা। বিষয়টি নিশ্চিত করেছেন এইচপির ম্যানেজার জামাল বাবু।

তিনি বলেন,’‘অসুস্থ থাকার কারণে টবি বাংলাদেশে আসছে না এবং আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে দলের সঙ্গে থাকবে না। চম্পাকা ইতোমধ্যে চট্টগ্রামে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছে এবং পুরো সিরিজে সে দায়িত্বে থাকবে।’’

১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে আইরিশরা। আসন্ন এই সিরিজে ১টি চারদিনের ম্যাচ, ৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »