ডেস্ক রিপোর্ট »
ঘরের মাঠে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্যমাত্রা দিয়েও ৩ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এমন হারের পর প্রশ্ন উঠেছে মুমিনুল হকের অধিনায়কত্ব নিয়ে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর ভূমিকা নিয়েও। তবে এক ম্যাচ দেখেই তাঁদের যাচাই করতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন।
প্রথম দুই সেশন উইকেট শূন্য থাকার পরেও পার্ট টাইম কোনো বোলারকে ব্যবহার করেননি মুমিনুল। সেই সঙ্গে বেশ কয়েকটি রিভিউ নেয়ার সুযোগ থাকলেও তা নেননি। যে কারণে কাঠগড়ায় উঠতে হচ্ছে তাঁকে।
মুমিনুল ছাড়াও টেস্টে কোচ ডমিঙ্গোর ভূমিকা নিয়েও আলোচনা উঠছে। যদিও সিরিজ শেষ হওয়ার আগে তাঁদের নিয়ে সিদ্ধান্ত নিতে চান না পাপন।
বুধবার (১০ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন,’‘এই মুহূর্তে এসব নিয়ে আলোচনা করা ঠিক না, কারণ একটা সিরিজ চলছে। তাছাড়া আমার মনে হয় না, একটা খেলা দেখে একটা ম্যাচের পারফরম্যান্স দেখে এ রকমের কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিৎ। একটা জিনিস মনে রাখবেন এই ওয়েস্টইন্ডিজ দলকে কিন্তু আমরা ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছি মাত্র। কাজেই ওরা তো জিততেই পারে টেস্ট একটা। দ্বিতীয় টেস্টে আমরা যাতে ভালো খেলি সেটাই হচ্ছে বড় কথা।’’
দীর্ঘ বিরতির পরে ঘরের মাঠে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরলেও সেটা শুরু হয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি দিয়ে। যে কারণে সাদা পোশাকের ক্রিকেটের জন্য খুব বেশি প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ। তবে এবছর টেস্টে আরও ভালো হবে বলে বিশ্বাস পাপনের।
