ডেস্ক রিপোর্ট »
চলতি ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আয়ারল্যান্ড উলভস। সিরিজ খেলতে ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে আইরিশরা। সিরিজে ১টি চারদিনের ম্যাচ, ৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।
আসন্ন এই সিরিজকে সামনে রেখে সাদা ও লাল বলের আলাদা আলাদা দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। যেখানে জায়গা পেয়েছেন দেশটির আন্তর্জাতিক ক্রিকেট দলের অনেকেই। হ্যারি টেক্টর, মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, জশ লিটল, জর্জ ডকরেলদের মতো ক্রিকেটাররা আছেন এই স্কোয়াডে।
সাদা বলের ফরম্যাটে অধিনায়ক হিসাবে থাকবেন হ্যারি টেক্টর, লাল বলের একমাত্র ম্যাচে উলভসদের অধিনায়ক হিসাবে থাকবেন জর্জ ডকরেল।
আয়ারল্যান্ডের জাতীয় নির্বাচকদের চেয়ারম্যান অ্যান্ড্রু হোয়াইট স্কোয়াড নিয়ে বলেন,”আমরা যে স্কোয়াডটি দিয়েছি সেটি শক্তিশালী। স্কোয়াডে থাকা অনেকেরই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। বাস্তবতা হল এরা এখনো তরুণ এবং আন্তর্জাতিক অঙ্গনে এদের সফল করতে এই প্রয়াস। এই সফর তাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে সফল হতে সহায়তা করবে। বিভিন্ন কন্ডিশনে খেলে তাদের অভিজ্ঞতা বাড়বে। কুর্টিস ক্যাম্ফার, বেন হোয়াইটদের মতো ক্রিকেটাররা কোন পর্যায়েই এশিয়াতে এর আগে খেলেনি। এছাড়া অন্য অনেকের এই কন্ডিশনে খেলার অভিজ্ঞতা খুব কম। দুই বছর বাদে এরূপ কন্ডিশনেই বিশ্বকাপ।
