ইংল্যান্ডকে নাসের হুসাইনের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট »

ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বড় জয় দিয়ে শুরু করেছে ইংল্যান্ড। যে কারণে এমন জয়ের পর কিছুটা স্বস্তি নিয়েই মাঠে নামবে জো রুটের দল। যদিও সিরিজের দ্বিতীয় টেস্টের আগে রুটদের সতর্ক করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইন।

তিনি মনে করেন, প্রথম ম্যাচ হারলেও সিরিজের বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে ভারত। নাসেরের সতর্কবার্তা অবশ্য অবহেলা করার কোন কারণ নেই।

নাসের বলেন,”আমি জানি অনেকে অনেক কিছুই বলবে। প্রথম ম্যাচ দেখেই অনেকে এই সিরিজে ইংল্যান্ডকে ৪-০ তে জিতিয়ে দেবে। তবে আমার ধারণা, দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে ভারত যে পাল্টা আঘাত করার সামর্থ্য রাখে সে ধারণা জো রুটরা মাথায় রাখবে। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজেই ভারত তা প্রমাণ করেছে। যদি ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট হেরে যায় তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পথটা কঠিন হয়ে যাবে। তবে এখন পর্যন্ত এই ইংল্যান্ড দল জয় পেতে সম্ভাব্য সবকিছুই করেছে।’’

সতর্ক করলেও ইংল্যান্ড দলকে প্রথম ম্যাচের পারফরম্যান্সের প্রশংসায় ভাসাতে কার্পণ্য করেননি। তিনি বলেন,’‘ভারতের মাটিতে এমন জয় নিঃসন্দেহে ইংল্যান্ড দলের জন্য ঐতিহাসিক কিছু। এখন পর্যন্ত এই দলটি সবকিছুই নিখুঁতভাবে করেছে। ম্যাচের প্রথম বল থেকে একেবারে শেষ পর্যন্ত। এখন শুধু তাঁদের এমন পারফরমেন্স ধরে রাখতে হবে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »