নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ টেস্টে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। এই ম্যাচ হারলেও ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সেঞ্চুরি সহ দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৮ উইকেট। এমন পারফরম্যান্সের পরও অতৃপ্ত মিরাজ।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মিরাজ। তবে বোলিংয়ে নেমে আবারও ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। দল হারায় এমন পারফরম্যান্সেও অতৃপ্ত তিনি।
এ প্রসঙ্গে মিরাজ বলেন,’‘না আক্ষেপ যেটা বলবো, আক্ষেপ ওরকম নেই। কারণ হলে ভালো হতো,কিন্তু দিনশেষে ক্রিকেট খেলা, যে কোনো কিছুই হতে পারে। কিন্তু সবচেয়ে খারাপ লাগছে যে দলটা হেরে গেছে। কারণ আমরা আশাও করিনি যে দলটা হেরে যাবে। কিন্তু দল জিতলে হয়তো আমার পারফরম্যান্সটা আরও ফোকাস হতো বা খুব ভালো লাগতো নিজের কাছে।দিন শেষে আমরা কিন্তু দলের জন্যই খেলি। দল জিতলে কিন্তু আমাদের ভালো লাগে। হেরে যাওয়াতে কিন্তু আমি যে রান করেছি বা উইকেট পেয়েছি, ওটার ভেতর কিন্তু আমি মজাও পাইনি।’’
তিনি আরও বলেন,’‘হয়তো আমরা যদি ম্যাচটা জিততে পারতাম, হয়তো আমার অনুভূতি আরও বেশি থাকতো, ভালো লাগাটা আরও বেশি থাকতো। কিন্তু তারপরও দিনশেষে যেটা বলবো যে প্রথম সেঞ্চুরি করেছি, অবশ্যই ভালো লাগছে এবং এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা অর্জন আমি মনে করি যেহেতু আমি নিচের দিকে ব্যাট করি, হয়তো আমার আমার ভবিষ্যত ক্রিকেটে এবং আমার জন্য অনেক সহায়তা করবে এই সেঞ্চুরিটা। আমার নিজেকে দিনের পর দিন উন্নতি করতে হবে কারণ আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন, আমি খেলেছি, আমি দেখছি এবং খেলছি, কিভাবে লড়াই করতে হয়, কীভাবে খেলতে হয়, এটা আমাকে দিনের পর দিন উন্নতি করতে হবে যে কোনো উপায়ে।’’
বোলিংয়ের মতো ব্যাটিংটা ভালো করতে মানসিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি আরও পরিশ্রম করতে হবে বলে জানান তিনি।
মিরাজ বলেন,’‘আসলে একটা জিনিস দেখেন আমি বয়সভিত্তিক পর্যায়ে যত দিনই খেলেছি আমি কিন্তু মিডল অর্ডারে ব্যাটিং করেছি। বাট এখন তো কোনো সুযোগ নাই উপরে ব্যাটিং করার, মিডল অর্ডার কারণ আমাদের পরিপূর্ণ ক্রিকেটার আছে। বাংলাদেশ দলে অভিজ্ঞ খেলোয়াড়েরা আছে, আমার হয়তো উপরে সুযোগ থাকবে না। কিন্তু আমি মনে করি যে ইনশাআল্লাহ ৪-৫ বছর পরে যদি আমার সুযোগ আসতেও পারে।’’
তিনি আরও বলেন,’‘হয়তো সেই সময় আমার নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে উপরে ব্যাটিং করতে পারব ইনশাআল্লাহ। কিন্তু আমি মনে করি তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কঠিন কাজ করতে হবে, নিজের ব্যাটিংকে প্রতিনিয়ত ঝালাই করতে হবে এবং প্রতিনিয়ত আমাকে চ্যালেঞ্জ নিয়ে আমাকে উন্নতি করতে হবে। আমার কোন কোন জায়গায় সমস্যা আছে, সেই সমস্যাগুলো উন্নতি করে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে আরও সফল হতে পারবো যদি উপরে ব্যাটিং করি ইনশাআল্লাহ।’’.
