নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে আকাশে উড়ছিল ভারত। এবার কিনা তাঁদের ঘরের মাঠে হারিয়ে আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছে ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে হেরেছে ২২৭ রানের বিশাল ব্যবধানে।
প্রথম ইনিংসে জো রুটের দ্বিশতক, চতুর্থ ইনিংসে জেমস অ্যান্ডারসনের বোলিং তোপে একদম গুড়িয়ে গিয়েছে স্বাগতিকরা।
সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন সিরিজ শুরুর আগেই ভারতকে সতর্ক করেছিলেন। তাঁর এই সতর্ক বার্তা হাসি তামাশা করেই উড়িয়ে দিয়েছিলেন কোহলিরা। তাই তো প্রথম টেস্টে ভারত হারার পর খোঁচা মারতে একটুও কার্পণ্য করেননি পিটারসেন।
টুইটারে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পরপরই ভারতকে সতর্ক করেছিলেন পিটারসেন। এক টুইটে তিনি লিখেছিলেন,’‘ভারতের জন্য এটা এক ঐতিহাসিক সিরিজ। শত সীমাবদ্ধতা সত্ত্বেও তাঁরা এই জয় পেয়েছে, তাই উদযাপন করাও উচিত। তবে আসল চ্যালেঞ্জ তো ক’দিন বাদে। যখন ইংল্যান্ড ভারত সফর করবে। তাই বেশি উদযাপনের আগে সতর্ক থাকুন।”
এরপর ইংল্যান্ডের ২২৭ রানের জয়ের পর নিজের দেওয়া সতর্কবাণী মনে করিয়ে টুইটারে ভারতকে খোঁচা দিয়েছেন পিটারসেন। সাবেক এই ক্রিকেটার লিখেছেন,”ভারত। আমার সতর্কবাণী মনে আছে? অজিদের হারিয়ে এত উদযাপন করা উচিত হয়নি তোমাদের।’’
