ভারতকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ইংল্যান্ড-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতকে ২২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ডকে টপকে শীর্ষে উঠল ইংল্যান্ড।

চেন্নাই টেস্টের সকালে আজ জেমস অ্যান্ডারসনের বোলিং তোপে দিশেহারা হয়ে উঠেছিল ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম টেস্টে জয়ের সুবাধে ৩০ পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড। ৬৬০ পয়েন্টের মধ্যে ৪৪২, শতাংশে যা ৭০.২% পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডকে সরিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে জো রুটরা।

এদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চারে নেমে এসেছে ভারত। বর্তমানে পয়েন্ট টেবিলে তাদের পয়েন্ট ৪৩০, শতাংশে যেটি ৬৮.৩%। তিনে রয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্টে ভারতের চেয়ে কম হলেও শতাংশে (৬৮.২%) এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

দুইয়ে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৪২০ (৭০.০%)। এদিকে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত লর্ডসে ফাইনালে খেলতে ভারতের বিপক্ষে কমপক্ষে আরও দুটি টেস্ট জিততে হবে ইংলিশদের। অন্যদিকে এই প্রতিযোগিতায় থাকা অস্ট্রেলিয়ার অবশ্য ফাইনালে যাওয়া, না যাওয়ার বিষয়টি নির্ভর করছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের উপর। ভারতের বিপক্ষে সিরিজ ড্র কিংবা ইংল্যান্ড ২-১ কিংবা ২-০ তে জিতলেও ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »