নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট শুরুর দিনগুলোতে নিজেদের দাপট দেখিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সোনালি সময় পেরিয়ে আজ ধূসর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ক্যারিবীয়দের ক্রিকেট। একটা সময় এই দলটি টেস্টের অন্যতম অপ্রতিরোধ্য দল ছিল আর আজ তাঁরাই এখন অধারাবাহিক। এক ম্যাচ জয়ের পরে লড়াই করতে হয় পরের ৪-৫ ম্যাচে।
পরিসংখ্যান বলছে গেল ৬-৭ বছরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতেছে মাত্র দুটি। সেটিও ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে। এর মাঝের সিরিজগুলোতে কেবলই হারের ছোঁয়া নয়তো এক ম্যাচ জিতে তৃপ্তি নেয়া। তবে এমন সংস্কৃতি দেখতে দেখতে ক্লান্ত ফিল সিমন্স। এক ম্যাচ জিতে বসে না থেকে দলকে আরও ধারাবাহিক করতে চান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ। তবে এমন অধারাবাহিকতার পরিবর্তন এনে ওয়েস্ট ইন্ডিজকে নতুন করে গড়তে চান সিমন্স। আর পেছনে ফিরে তাকাতে চান না তিনি।
এ প্রসঙ্গে সিমন্স বলেন,”আমি মনে করি আমরা এখন এটিই (ধারাবাহিকভাবে আরও টেস্ট জেতা) খুঁজছি। আমি এক জয়ে ক্লান্ত হয়েছি এবং এক ম্যাচ জিতে পরে ৩-৪ ম্যাচ আবারও লড়াই করছি। আমরা এই জিনিসগুলো পরিবর্তনের চেষ্টা করছি যাতে আগের জায়গায় না ফিরতে হয়। আমাদের বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে এবং আরও কঠোর অনুশীলন করতে হবে। এটি নিশ্চিত করতে চাই যে আমরা আর পেছনে ফিরে তাকাব না।”
