নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অলরাউন্ডার সাকিব আল হাসান দলে না থাকলে দল যে কতটা ভুগতে পারে সেটা প্রথম টেস্টের শেষ দিনে এসে আবারো টের পেয়েছে বাংলাদেশ। এবার ইনজুরির কারণে ঢাকা টেস্টেও থাকবেন না সাকিব। সাকিবের মতো ক্রিকেটার দলে না থাকলে যে কোনো দলের জন্য বড় ক্ষতি এবং প্রতিপক্ষের জন্য বাড়তি একটি সুবিধাও বটে।
তবে সেরা এই অলরাউন্ডার না থাকায় বাড়তি কোনো সুবিধা দেখছেন না ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের এই প্রধান কোচ মনে করেন, সাকিবের বিকল্প কেউ না থাকলেও তাঁর মতো কাউকে খুঁজে নেবে বাংলাদেশ। সাকিবের পরিবতর্তে ঢাকা টেস্টে যিনি সুযোগ পাবেন তিনি ভালো করবেন বলে বিশ্বাস সিমন্সের।
এ প্রসঙ্গে সিমন্স বলেন,”এটা (সাকিবের না থাকা) আমাদের সুবিধা দেবে না। এটা ঠিক, বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন সে। তবে তাদের অনেক স্পিনার এবং ব্যাটার আছে, যারা এখানে স্পিন বোলিং করতে পারে। সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের মতো এমন কাউকে তারা খুঁজে নেবে।’’
তিনি আরও বলেন,’‘সাকিবের মতো ভালো হয়তো হবে না, তবে টেস্টের জন্য যথেষ্টই ভালো হবে। তার অনুপস্থিতিতে আমাদের কাজ সহজ হয়ে যাবে, তেমনটা আমরা ভাবতে পারি না। এই ম্যাচ আমাদের জন্য সহজ হবে না।”
