আইসিসির ‘প্লেয়ার অব দ্যা মান্থ’ নির্বাচিত হলেন পান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কিছুদিন আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছিল মাসের সেরা খেলোয়াড়কে স্বীকৃতি দেওয়া নিয়ে। যা চলতি বছরের জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে। প্রথম মাসে পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ঋষভ পান্ত। আর মেয়েদের বিভাগে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল।

মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এই পুরষ্কার জিতে নিয়েছে পান্ত। যেখানে সিডনি টেস্টে ৯৭ রানের ইনিংস খেলার পর ব্রিসবেনে খেলেছিলেন ৮৯ রানে অপরাজিত ইনিংস। তাঁর কারণে অস্ট্রেলিয়াকে হারিয়ে জয় তুলে নিয়েছিল ভারত।

আইসিসির এমন পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত পান্ত। এ প্রসঙ্গে তিনি বলেন,’‘আমি আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতে আমি খুবই খুশি। যে কোনো খেলোয়াড়ের জন্য দলের জয়ে অবদান রাখাই সবচেয়ে বড় পুরস্কার কিন্তু এটি সামনের দিনে ভালো করার জন্য তরুণদের অনুপ্রেরণা দেবে। ভারতীয় দলের যারা এই জয়ে অবদান রেখেছে এবং যে সকল সমর্থকরা আমাকে ভোট দিয়েছেন তাঁদের জন্য আমি এটি ‍উৎসর্গ করতে চাই।’’

এদিকে মেয়েদের বিভাগে মাসের সেরা খেলোয়াড়ের পুরষ্কার জেতা শাবনিম জানুয়ারিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৭টি উইকেট। যেখানে ওভার প্রতি মাত্র ৪ রান খরচ করেছেন তিনি। তিনিও পান্তের মতো নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »