নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়ে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত ক্রিকেটারদের অনুপস্থিতিতেই চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের মতো পাহাড়সম রান পাড়ি দিয়েছে অনভিজ্ঞ এই দলটি। এশিয়ার মাটিতে এখন পর্যন্ত যা কিনা সর্বোচ্চ। নতুন ক্রিকেটারদের সাথে নিয়ে পাওয়া এমন জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে ক্রেইগ ব্রেইথওয়েটের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দল।
সব সমীকরণ ওলটপালট করে অভিষিক্ত কাইল মায়ার্সের দ্বিশতকে ইতিহাস গড়া এক জয় পেয়েছে ক্যারিবীয়রা। দলের এমন সম্মিলিত প্রচেষ্টায় আসা দুর্দান্ত এক জয় শেষে সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক। ম্যাচশেষে জানিয়েছেন, পিছিয়ে থাকলেও ম্যাচের প্রথম দিন থেকে দলের উপর বিশ্বাস রেখেছিলেন তিনি। যা কিনা ছিল ম্যাচের শেষ দিন পর্যন্ত। আর তাই দলের এমন জয় ভবিষ্যতে আরো ভালো করার জন্য দলকে অনুপ্রাণিত করবে।
ব্রেইথওয়েট বলেন,”আমি আমার দলের ওপর ম্যাচের প্রথম দিন থেকে বিশ্বাস রেখেছি, ম্যাচের শেষ দিন পর্যন্ত নিজেদের সমর্থন করে গিয়েছি। চতুর্থ ইনিংসের শুরুতে তিন উইকেট হারিয়ে আমরা ম্যাচের মোমেন্টামও হারিয়েছিলাম। যদিও পিচ ভালো ছিল। বাজে সময়েও আমরা আমাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী কাজ করে গিয়েছি। সেই পরিকল্পনায় বিশ্বাস রেখেছি। মায়ার্স আর বোনার সেই পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রেখেছে এবং সফলও হয়েছে। আমারও বড় ইনিংস খেলা উচিত ছিল, কিন্তু আমি ব্যর্থ হলেও জার্মেইন ব্লাকউড ভালো খেলেছে। এছাড়া বোলাররাও অনেক অবদান রেখেছে। শ্যানন গ্যাব্রিয়েল আক্রমণাত্মক কয়েকটি স্পেল করেছে। টানা বল করানোর পরেও বোলাররা আমাকে ফিরিয়ে দেয়নি। দল হিসেবে আমাদের আরো পরিশ্রম করে যেতে হবে এবং সেক্ষেত্রে এমন জয় আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করবে।”
