পান্তের সঙ্গে জুটির ব্যাখ্যা দিলেন পূজারা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঘরের মাঠে প্রথম টেস্টে কিছুটা বিপদে রয়েছে ভারত। চেন্নাই টেস্টে শুরু থেকেই প্রভাব বিস্তার করছে ইংল্যান্ড। ইংল্যান্ডের গড়া ৫৭৮ রানের পাহাড়ের সামনে শুরুতেই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে ভারতের টপ অর্ডার।

দলীয় ৭৩ রানে যখন চার ব্যাটসম্যান সাজঘরে, তখন এক প্রান্ত আগলে রাখা পুজারা খুঁজছিলেন একজন সঙ্গীকে। তখন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্তকে সঙ্গে নিয়ে পূজারা ভারতকে খাদের কিনারা থেকে তুলে আনেন।

এই নিয়ে টানা তৃতীয় টেস্টে পান্ত-পূজারার জুটি দেখা গেছে। ব্যাটিং ধরনে দুজন দুই মেরুর হলেও পান্তের সঙ্গ উপভোগ করছেন পূজারা।

চেন্নাই টেস্টের তৃতীয় দিনশেষে পূজারা বলেছেন,”পান্ত একপ্রান্তে থাকলে ব্যাটিং করা সহজ হয়ে যায়। আমরা ব্যাটিংয়ের সময় আলোচনা করি, কথা বলি। পান্ত বাঁহাতি, আমি ডান হাতি- যা কিনা বোলারদের জন্য কাজটা কঠিন করে দেয়। এ ছাড়া পান্ত যেভাবে ব্যাট করে, বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে, তা আমার জন্য কাজ সহজ করে দেয়। আশা করি তাঁর সাথে আমার এমন জুটি ভবিষ্যতেও চলতে থাকবে। আমি তাঁর সাথে ব্যাটিং করতে ভালোবাসি। যখন আমি তাঁকে সাহায্য করতে পারি তখন আমি করি। কখন খেলতে হবে, কোন বলটা মারতে হবে ইত্যাদি নানান বিষয়ে। যদিও তাঁর এখনো কিছু জায়গায় উন্নতির প্রয়োজন, তবুও আমি তাঁর ব্যাটিং করার ধরনে খুশী। আশা করি সে উন্নতি করবে এবং দলের জয়ে আরো বেশি ভূমিকা রাখবে। কারণ এই যোগ্যতা তাঁর আছে।’’

দলের বিপর্যয়ের সময় পান্তের এমন ব্যাটিং দলের পরিকল্পনার অংশ কিনা এমন প্রশ্নে পূজারা বলেন,’‘আক্রমণাত্মক ব্যাটিং দলের পরিকল্পনার অংশ না হলেও পান্ত সবসময় ওর নিজের মতো করেই ব্যাট করে। স্বভাবজাত ব্যাট করে যদি কেউ রান করে তাহলে আমার মতে সেটা সঠিক।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »