নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট ক্রিকেটে কীভাবে বিশাল লক্ষ্য তাড়া করে জয় তুলে নিতে হয়, তার আদর্শ এক দৃষ্টান্ত স্থাপন করলেন কাইল মেয়ার্স ও এনক্রুমাহ বনার। এই দুইজনের ব্যাটেই চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে অবিশ্বাস্য রূপকথার মতো এক জয়। তবে তাতে দায় আছে বাংলাদেশেরও। তাদের সাজঘরে ফেরানোর সুযোগ পেলেও বাংলাদেশ কাজে লাগায়নি, যা দিনশেষে অধিনায়ক মুমিনুল হকের বড় আক্ষেপের কারণ।
দিনের শুরুতে গতকাল মেয়ার্স ও বনার দুইজনকেই ইনিংসের সাজঘরে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মেয়ার্স ৪৭ রানে ব্যাট করার সময় তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হতে পারতেন। আম্পায়ার সাড়া না দেওয়ায় বাংলাদেশ রিভিউয়ের আশ্রয়ও নেয়নি। টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি লেগ স্ট্যাম্পে আঘাত করত।
বনার ২৫ রানে ব্যাট করার সময় নাঈম হাসানের বলে এলবিডব্লিউ থেকে বাঁচেন, এবারো টাইগারদের একই ভুল। ৪৯ রানে মেয়ার্সের ক্যাচ হাতছাড়া করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচ শেষের দৃশ্যপট ভিন্ন হতে পারত।
মুমিনুলের কণ্ঠে তাই আক্ষেপ। তিনি বলেন,”উইকেটে যথেষ্ট সুযোগ ছিল। আমরা আমাদের সুযোগ কাজে লাগাতে পারিনি। সুযোগগুলো যদি কাজে লাগাতে পারতাম তাহলে খেলাটা অন্যরকম হতে পারত। এই দুই ব্যাটসম্যানের দুইটা সুযোগ ছিল। কাজে লাগালে মোমেন্টাম বদলে যেত। এই উইকেটে সেট হয়ে গেলে আউট করা কঠিন।’’
ঢাকা টেস্টের আগে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ দল চট্টগ্রাম ছাড়ার আগেই ঢাকা টেস্ট নিয়ে ভাবছে। মুমিনুল বলেন,”অবশ্যই। ম্যাচ হারলে তো ঘুরে দারানর জন্য পরিকল্পনা করতেই হবে। সে হিসেবে ব্যাটিং বলেন বোলিং বলেন ফিল্ডিং বলেন সব কিছু নতুন করে সাজাতে হবে।”
