নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রাম টেস্টে রূপকথার মতো বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে বিশ্ব দরবারে সকলের শুভেচ্ছায় ভিজতে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই তালিকায় দেশটির সাবেক তারকা ক্রিকেটাররাও যোগ দিয়েছেন অভিনন্দন জানাতে। এবার এই দলে যোগ দিয়েছেন কার্ল হুপার। তিনি বলে রেখেছেন বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার বার্তা।
মূলত অভিষিক্ত কাইল মেয়ার্সের হার না মানা ২১০ রানের ইনিংসে ভর করে শেষ দিনের শেষ মুহূর্তে ম্যাচ জিতে নেয় সফরকারীরা।
এই জয়ের পর অনভিজ্ঞ দলকে প্রশংসায় ভাসিয়েছেন হুপার। সাবেক ক্যারিবীয় অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ১০২টি টেস্ট ও ২২৭টি ওয়ানডে, লম্বা সময় নেতৃত্বও দিয়েছেন। ৫৪ বছর বয়সী এই ক্রিকেটারের গায়ে এখন খেলোয়াড় হিসেবে সেঁটে গেছে সাবেক তকমা, তবে দলের প্রতি আবেগ কমেনি।
এক টুইট বার্তায় হুপার বলেন,’‘দুর্দান্ত জয়, ওয়েস্ট ইন্ডিজ দলকে এখান থেকে আশীর্বাদ! দুর্দান্ত ইনিংসের জন্য কাইল মায়ার্সকে অভিনন্দন। সিরিজটিকে ২-০ করো।”
