ঢাকা টেস্টে সাকিবের ফেরা নিয়ে ধোঁয়াশা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কুঁচকির চোট নিয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিন মাঠ ছেড়েছিলেন সাকিব আল হাসান। গতকাল চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন পেরিয়ে গেলেও এখনও মাঠে নামা হয়নি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। চলমান টেস্টে তিনি আর মাঠে নামছেন না সেটা নিশ্চিত হয়ে গেছে আগেই। সেই সঙ্গে শঙ্কা তৈরি হয়েছে দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে।

আপাতত পর্যবেক্ষণে রেখে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় দল। শনিবার (৬ ফেব্রুয়ারি) চতুর্থ দিনের খেলা শেষে এমনটাই জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

চতুর্থদিন ড্রেসিং রুমের সামনে বসে সতীর্থদের খেলা দেখেছেন তিনি। তবে দ্বিতীয় টেস্টের আগে মাঠে ফিরবেন কিনা সেটা নিশ্চিত নয়। তবে আগামী কয়েকদিনের মাঝে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ডমিঙ্গো।

এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন,’‘আগামী কয়েকদিনের মধ্যেই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে, সে পরের টেস্টে খেলছে কি না। এখনো কিছু নিশ্চিত নয়। আমরা কিছু সময় নিচ্ছি। সাকিব না থাকলে ঢাকায় কে তার বিকল্প হবে এ নিয়ে এখনো ভাবিনি। প্রথমত আমাদের এই টেস্টেই মনোযোগ দিতে হবে। এই টেস্টের পর ঢাকায় গিয়ে কন্ডিশন বুঝে তখন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »