নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩৯৫ রানের লক্ষ্য থেকে সফরকারীরা পিছিয়ে আছে ২৮৫ রানে।
ফলাফল নিষ্পত্তির ৫ম ও শেষ দিনে উইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ২৮৫ রান আর ঘরের মাঠে জয়ের স্বাদ পেতে টাইগারদের প্রয়োজন ৭ উইকেট।
আগের দিনের ২১৮ রানে এগিয়ে থেকে আজ চতুর্থ দিনে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মমিনুল হক ও মুশফিকুর রহিম। ৪৭-৩ এ দিন শুরু করে স্কোরবোর্ডে ২৬ রান যোগ করতেই ফিরে যান মুশফিকুর। ৬ষ্ঠ উইকেট জুটিতে লিটন-মমিনুলের ১৩৩ রানের অসাধারণ জুটিতে বড় সংগ্রহের বিধ পায় টাইগাররা। ক্যারিয়ারের ১০ সেঞ্চুরি তুলে নিয়ে কাপ্তান মমিনুল বিদায় নেন ব্যক্তিগত ১১৫ রানে। ক্যারিয়ারের ৬ষ্ঠ অর্ধশতক তুলে নিয়ে লিটন থামেন ৬৯ রানে। যার ফলে দ্বিতীয় ইনিংসে ২২৩-৮ তুলতেই ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ফলে সফরকারীদের জন্য জয়ের লক্ষ্য গিয়ে দাঁড়ায় ৩৯৫ রান।
জয়ের জন্য ৩৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজের স্পিন ভেলকিতে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তুলে দিন শেষ করে সফরকারীরা। বল হাতে শেষ সেশনে মিরাজের শিকার ৩ উইকেটের সবকটি। চলমান টেস্টের ৫ম ও শেষদিনে আগামীকাল ২৮৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে ব্রাথওয়েট বাহিনী। সাদা পোশাকে প্রত্যাবর্তনের ম্যাচে জয় তুলে নিতে টাইগারদের প্রয়োজন ৭ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: (প্রথম ও দ্বিতীয় ইনিংস): ৪৩০ ও ২২৩-৮ (ডিক্লেয়ার)
ওয়েস্ট ইন্ডিজ: (প্রথম ও দ্বিতীয় ইনিংস): ২৫৯-১০ ও ১১০-৩
টার্গেট: ৩৯৫
নিউজক্রিকেট / মারুফ ইসলাম ইফতি
