বিশ্বাস জন্মেছে পরিশ্রম করলে অলরাউন্ডার হতে পারবো- মিরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরপরই বদলে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। পাক্কা অলরাউন্ডার থেকে বনে গিয়েছিলেন দলের নির্ভরযোগ্য অফ স্পিনার। যে পরিচয় নিয়ে তিনি খেলে যাচ্ছেন প্রায় ৪ বছর। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে মিরাজ জানান দিলেন, তিনি একজন অলরাউন্ডারের ভূমিকাও পালন করতে পারেন। আর এই সেঞ্চুরিকে অনেক বড় পাওয়া হিসেবেই মানছেন তিনি।

২০১৬ সালে ২ টেস্টে ১৯ উইকেট নিয়ে হন সিরিজ সেরা।
এরপর থেকেই মিরাজ শুধুই একজন স্পিনার। কিন্তু ৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে যেন নিজের পরিচয় বদলে ফেললেন তিনি। জোমেল ওয়ারিকেন-কিমার রোচদের দারুণ ভাবে সামলে ডানহাতি এই ব্যাটসম্যান খেলেন ১০৩ রানের ইনিংস বাংলাদেশের পায় ৪০০’র ওপর পুঁজি।

সেঞ্চুরি পাওয়ার পর মিরাজ জানালেন, ব্যাটিং নিয়ে আরও পরিশ্রম করলে নিজেকে পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে পারবেন।

তিনি বলেন,”আমার নিজের জন্য অনেক বড় একটা পাওয়া। আমি নিজে খুব একটা আত্মবিশ্বাসী ছিলাম না। কিন্তু এখন আমার মধ্যে বিশ্বাস জন্মেছে যে যদি আমি ব্যাটিং নিয়ে আরো পরিশ্রম করি, কাজ করি তাহলে অবশ্যই ভালো অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব। আমার কথা হল যেহেতু আমার সুযোগ আছে তাহলে কেন আমি সেই সুযোগ কাজে লাগাব না। পরিশ্রম অনেক করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক পরিশ্রম করতে হয়। যারা অভিজ্ঞ হয়েছে তারা কিন্তু একদিনে হয়নি। এখনও তারা পরিশ্রম করে যাচ্ছে। আমাদের জুনিয়রদের অভিজ্ঝদের দেখে শেখা উচিত। আমি নিজেও শিখি। ভালো খেলার জন্য তারা যে কষ্ট করেছে আমি তাদের দেখে পরিশ্রম করার আত্মবিশ্বাসটা পাই। আমি মুশফিক ভাইয়ের সঙ্গে ব্যাটিং, ফিটনেস নিয়ে কাজ করেছি। তার কাছ থেকে অনেক টিপস নিচ্ছি।”।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »