নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে এই ম্যাচে মিরাজের সেঞ্চুরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান যখন উইকেটে গেলেন, তখন মিরাজের রান ৯২। মুস্তাফিজ উইকেটে গিয়ে মিরাজকে বলেছিলেন, তারই ভয় করছে। তিনি আউট হয়ে গেলে আর সেঞ্চুরি পাওয়া হবে না মিরাজের।
মিরাজ তখন মুস্তাফিজকে স্বাভাবিক ক্রিকেট খেলতে বলেছিলেন। আর তাতেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়ে যান মিরাজ।
দ্বিতীয় দিনের খেলা শেষে ডানহাতি এই ব্যাটসম্যান বলেন,”একটা জিনিস দেখেন, মুস্তাফিজ আমাকে বলেছে যে, দোস্ত, আমার (মুস্তাফিজ) খুব ভয় লাগতেছিল তোর (মিরাজ) টেনশনে যে তোর ৯০ হয়ে গেছে, ওখানে যদি আমি আউট হয়ে যাই! বাট আমি ওরে একটা কথাই বলেছি, দোস্ত এটা তোর হাতেও না, আমার হাতেও না। তুই তোর নরমাল ক্রিকেট খেল।”
মিরাজ আরও বলেন,”আমার যদি কপালে থাকে, তাহলে ১০০ হবেই। আমি ঐ মানসিকতা নিয়েই খেলেছি। আমার করতে হবে এটা আমি কখনও চিন্তা করিনি। আমি চিন্তা করেছি যে, আল্লাহ্ যদি আমার কপালে রাখে তাহলে সেঞ্চুরি হবেই। এটার ওপর অনেক বিশ্বাস করেছি।”
