নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটারদের চোটের অভিজ্ঞতা নতুন কিছু নয়। তেমনি ব্যাটসম্যান জ্যাক ক্রলির সেই অভিজ্ঞতাও রয়েছে। তবে এবার যে ঘটনা ঘটলো সেটা রীতিমত অদ্ভুত রকমের অভিজ্ঞতা। জানা গেছে ঘরের মেঝেতে পিছলে পড়ে কব্জির ইনজুরিতে পড়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। এই কারণে ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে খেলা হচ্ছে না তাঁর।
ক্রলির এই চোটের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা জানিয়েছেন, ইনজুরির কারণে প্রথম দুই টেস্টের জন্য ছিটকে গিয়েছেন ক্রলি। তাঁর পরিবর্তে কাউকে স্কোয়ােডে যুক্ত করা হবে কিনা সেটি নিশ্চিত করেনি ইসিবি।
ইংল্যান্ড বোর্ডের তরফে জানানো হয়েছিল প্রথম টেস্টে পাওয়া যাবে না ওপেনার ক্রলিকে। বুধবার দলের সবাইকে অনুশীলন করতে গেলেও সেখানে ছিলেন না ক্রলি। পরে জানা যায় স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। পরবর্তীতে ইসিবি থেকে নিশ্চিত করা হয় কব্জির চোটের কারণে তাঁকে প্রথম ২ টেস্টে পাবে না ইংল্যান্ড।
ক্রলির চোটে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ওপেনার হিসেবে দেখা যাবে জো বার্নস এবং ডোম সিবলিকে। আগামী ৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে শুরু হবে সাদা পোশাকের লড়াই। চার ম্যাচের টেস্ট সিরিজ শেষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে এই তারা।
