নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারই প্রথম নয় এর আগেও অদ্ভুত অ্যাকশনে বোলিং করে অনেকবার ক্রিকেটপাড়ার টেবিলে আলোচনায় এসেছেন শ্রীলঙ্কান স্পিনার কেভিন কোত্থিগোদা। তবে এবার আলোচনায় আসলেন চোট বাঁধিয়ে। টি-টেনে ম্যাচে অদ্ভুত অ্যাকশনে বল করতে গিয়েই মাটিতে পড়ে চোট বাঁধিয়েছেন তিনি।
২২ বছর বয়সী এই লেগ স্পিনার খেলছিলেন চলমান আবুধাবি টি-টেন লিগে। বাংলাদেশি ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের দল মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে গতকাল ২ ফেব্রুয়ারি খেলতে নেমেছিলেন কালান্দার্সের বিপক্ষে। ম্যাচে ১ ওভারই বল করেছেন কোত্থিগোদা, খরচ করেছেন মাত্র ৫ রান। কিন্তু শেষ বলেই বাঁধিয়ে বসেন ইঞ্জুরি।
গতকাল বল করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। প্রথম ওভারেই দুইবার বল ছোঁড়ার সময় মাটিতে পড়ে যান। এতে আঘাত পান হাঁটুতে। পরিণতি সুখকর ছিল না। মেডিকেল টিমের সহায়তা নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এক ওভারে মাত্র ৫ রান দিলেও পরে আর তার হাতে বল তুলে দিতে পারেননি মোসাদ্দেক। শুধু এই ম্যাচ নয়, অদ্ভুত অ্যাকশনে পাওয়া চোটের কারণে কোত্থিগোদাকে ছিটকে পড়তে হয়েছে গোটা টুর্নামেন্ট থেকেই।
