নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কা সিরিজের আগে কুইন্টন ডি ককের কাঁধে টেস্ট অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। যদিও অধিনায়কের দায়িত্ব নেয়ার সময় ডি কক জানিয়েছিলেন দীর্ঘ সময়ের জন্য দলকে টেস্টে নেতৃত্ব দিতে রাজি নন তিনি। সেই কথা মাথায় রেখে পাকিস্তান সফর শেষে ডি ককের অধিনায়কত্ব থেকে বোঝা কমাতে চায় সিএসএ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে এমনটাই জানিয়েছেন প্রধান কোচ মার্ক বাউচার।
২০২০-২১ মৌসুমের জন্য অস্থায়ী অধিনায়ক হিসেবে তাঁকে দায়িত্ব দিয়েছিল সিএসএ। ইতোমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচ ও পাকিস্তান সফরে একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর সেখানে দেখা গিয়েছে তাঁর রান ক্ষরা, ক্যাচ মিস, রিভিউ সিস্টেমে সমস্যা।
তাতে কিছুটা হলেও অধিনায়কত্বের চাপ নিতে না পারার বিষয়টি দেখা গিয়েছে। ডি ককের কাছে সেরাটা পেতেই পাকিস্তান সফর শেষে অধিনায়কত্বের বোঝা সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন বাউচার।
এ প্রসঙ্গে বাউচার বলে,’‘এই সফর শেষে আমরা ফিরে যাওয়ার পর এবং আমাদের পরবর্তী সিরিজ শুরুর আগে আমরা কিছুটা সময় পাব। তার বোঝা সরানো এবং পরবর্তীতে কে সিদ্ধান্ত নেবে এটি নিয়ে একটি ভালো সিদ্ধান্ত নিতে পারব। এটা কুইনির (ডি কক) জন্য কঠিন। আপনি রান করতে না পারলে এটা আরও বেশি সামনে চলে আসে। বিশেষ করে আপনি যখন অধিনায়ক থাকেন।’’
তিনি আরও বলেন,”আমরা এই পরিবেশের জন্য কুইনির প্রতি কঠোর নই। আমরা জানি সে একজন মানসম্পন্ন খেলোয়াড় এবং তাঁর কিছু ভালো ইনিংস রয়েছে। অধিনায়কত্ব দেয়ায় তাকে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। এটি আরও কঠিন হতে পারে কারণ সে এটাতে অভ্যস্ত নয়।’’
