নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনই হাফ সেঞ্চুরি করে আউট হয়েছেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা ওপেনার সাদমান ইসলাম। এটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। সেই সঙ্গে ১০ ইনিংস পর হাফ সেঞ্চুরি পেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
ক্রিজে দীর্ঘ ১৫৪ বল খেলে ৫৯ রান করা সাদমান দিন শেষে ইনিংস বড় না করতে পারার আক্ষেপে পুড়েছেন। তিনি জানিয়েছেন, দলের জন্য যতটুকু সম্ভব অবদান রাখার চেষ্টা করেছেন। আর তাতেই খুশি এই ওপেনার।
প্রথম দিনের খেলা শেষে সাদমান বলেন,”অনেকদিন পর ব্যাক করা হইছে আশা করি টিম যে রকম আশা ছিল আব আমার কাছ থেকে যে রকম আশা ছিল আমি যতো পারছি ততোটুকু আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি। আরোও বড় (ইনিংস) করতে পারলে ভালো হতো। আমি মনে করবো যে যতোটুকু ট্রাই করছি টিমের জন্য কিভাবে এফোর্ট দেওয়া যায় আমি আমার সেরাটা চেষ্টা করছি খুব ভাল লাগছে।”
ক্যারিবীয়দের বিপক্ষে এমন পারফরম্যান্সের পরও তাদের প্রিয় প্রতিপক্ষ বলতে নারাজ সাদমান।
তিনি বলেন,”তেমন কিছুনা আমি কখনো ওরকম চিন্তা করিনা। যে টিমই হোক আমার চেষ্টা সবার সাথে ভালো খেলতে হবে। প্র্যাকটিসে আমাদের খুব ভালোভাবে ট্রেইন করা হয়েছে, যে কারণে হয়তোবা ব্যাটে বলে ভালো টাচ হয়েছে, ভালো পারফর্মটা বের করা সম্ভব হয়েছে।”
