ওয়ারিকেনের কাছে মুশফিকের উইকেটটিই সবচেয়ে মূল্যবান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিকেন। এদিন তিনি একাই শিকার করেছেন ৩ উইকেট। আর ৩ জনই বাংলাদেশের থিতু হওয়া তিন ব্যাটসম্যান।

২৬ রান করা বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হককে দিয়ে শুরু। এরপর একে একে তিনি ফিরিয়েছেন, সাদমান ইসলাম (৫৯) এবং মুশফিকুর রহিমকে (৩৮)। দিন শেষে মুশফিকের উইকেটটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন ওয়ারিকেন। তিনি জানিয়েছেন, প্রথম দিনের বোলিং নিয়ে তিনি সন্তুষ্ট।

প্রথম দিনের খেলা শেষে তিনি বলেছেন,”মুশফিকের উইকেটটি বেশি গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য, স্লিপে যেটিতে ক্যাচ নিল জিম্বো (রাকিম কর্নওয়াল)। সেই সেশনের খুব গুরুত্বপূর্ণ একটি সময় ছিল এটা। নতুন বলের আগে একটি উইকেট আমাদের দরকার ছিল। সেই সময় উইকেট পাওয়া তাই দারুণ ব্যাপার ছিল।”

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের উইকেট ব্যাটিং সহায়ক ছিল বলেই জানালেন ওয়ারিকেন। সেই সঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যানের স্পিন ভালো খেলার তারিফ করেছেন এই ক্যারিবীয় বাঁহাতি স্পিনার। তিনি আশাবাদী দ্বিতীয় দিনেও দলের জন্য বল হাতে অবদান রাখতে পারবেন।

ওয়ারিকেন বলেন,”আমার জন্য দিনটি ছিল খুব ভালো। তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিতে পেরেছি। ব্যাটিংয়ের জন্য উইকেট ছিল বেশ ভালো। বাংলাদেশের ব্যাটসম্যান স্পিন খেলেও ভালো। আমাদের শৃঙ্খলা ধরে রেখে বল করতে হয়েছে, সঠিক জায়গায় বল রাখতে হয়েছে। আশা করি, কালকে আরও কিছু উইকেট এনে দিতে পারব দলকে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »