নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান ইংল্যান্ড দলের বোলিং আক্রমণের দুই নেতা জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। তাদের সঙ্গে এখন ইংল্যান্ডের সাদা পোশাকে পরিচিত আরেক মুখ পেসার জফরা আর্চার। আসন্ন ভারত সিরিজে এই তিনজনকে নিয়েই নিজেদের বোলিং আক্রমণ সাজাচ্ছে ইংলিশরা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে ভারতের খেলার অভিজ্ঞতা আছে আর্চারের। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চায় ইংল্যান্ড। যদিও জাতীয় দলের হয়ে এটাই আর্চারের প্রথম ভারত সফর। তবুও নিজেকে উজার করে দিতে মরিয়া আর্চার।
তিনি জানিয়েছেন, অন্যসব সফরের মতোই স্বাভাবিক প্রস্তুতি নিচ্ছেন তিনি। ২৫ বছর বয়সী এই পেসার বলেছেন,”আমি খুব ভালো অনুভব করছি। আমি পূর্ণ গতিতেই বল করার চিন্তা ভাবনা করছি। আমি নিয়মিত অনুশীলন করছি এবং বরাবরের মতই স্বাভাবিক অনুশীলন চালিয়ে যাচ্ছি।”
যদিও সীমিত ওভারের ক্রিকেটের সঙ্গে টেস্টকে মেলাতে চান না এই ডানহাতি পেসার।
আর্চার বলেন,”আমি শুধু সাদা বলে খেলেছি এখানে। লাল বলে বোলিং করা সম্পূর্ণ ভিন্ন। তাই আমি এই দুটোকে একসঙ্গে মেলাচ্ছি না।”
উপমহাদেশের উইকেট বরাবরই স্পিন বান্ধব। তবে দলের প্রয়োজনে লম্বা স্পেলে বল করতে চান এই পেস তারকা। আর্চার বলেছেন,”এটা নির্ভর করবে দলের কম্বিনেশনের ওপর। যদি এখানে তিন পেসার খেলে তবে আমাদের লম্বা স্পেলে বোলিং করতে হবে না। এমনটা যদি নাও হয় ছোটো এবং লম্বা স্পেলে বল করতে আমার ওপর খুব একটা প্রভাব পড়বে না।”
