নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বড় ধরণের ধাক্কা খেল শ্রীলঙ্কা দল। করোনায় আক্রান্ত হয়েছেন দলের হেড কোচ মিকি আর্থার এবং খেলোয়াড় লাহিরু থিরিমান্নে। আপাতত আইসোলেশনে আছেন দুজনই।
আজ বুধবার এই দুজনের করোনা পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তাই আপাতত ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়ার কথা ভাবছে তারা। এই সিরিজকে সামনে রেখে ২ ফেব্রুয়ারি করোনা পরীক্ষা করানো হয় লঙ্কান ক্রিকেটারদের। তাদের সঙ্গে পরীক্ষা দিয়েছিলেন প্রধান কোচ নেট বোলার এবং কোচিং স্টাফরাও। এরপরই বুধবার করোনা পজিটিভ আসেন মিকি এবং লাহিরু।
এই মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। যা শেষে এরপর দেশে ফিরেই শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলার কথা ছিল তাদের।
২০ ফেব্রুয়ারি সিরিজটি শুরু হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে নতুন সূচীত মাঠে গড়াতে পারে সিরিজটি। যদিও লঙ্কান ক্রিকেট বোর্ড এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো বিবৃতি দেয়নি।
