হাফিজের সঙ্গে অবিচার করছে পাকিস্তান: সেলিম মালিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কিছুদিন আগে শেষ হওয়া নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে ভালো করার পরেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে দলে না রাখায় হতাশ পাকিস্তানের সাবেক ক্রিকেটার সেলিম মালিক। তিনি মনে করেন, হাফিজের সঙ্গে পিসিবি অবিচার করছেন।

গেল বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ ম্যাচে প্রায় ১৫৩ স্ট্রাইক রেটে ৮৩.০০ গড়ে সবচেয়ে বেশি ৪১৫ রান করেছিলেন তিনি। যেখানে দুইয়ে থাকা লোকেশ রাহুল এক ম্যাচ বেশি খেললেও করেছিলেন ৪০৪ রান। আর সর্বশেষ ১২ ম্যাচে ১০০.৪ গড়ে তাঁর রান ৫০২।

গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরেও দারুণ সময় পার করছেন তিনি। সিরিজ হারলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে ৯৯* ও ৪৪ রানের দারুণ দুটি ইনিংস খেলেছিলেন ৪০ বছর বয়সি এই ব্যাটসম্যান। এমন পারফরম্যান্সের পরও পরের সিরিজ থেকে হাফিজকে বাদ দেয়ায় হতাশ পাকিস্তানের ক্রিকেট সমর্থক ও সাবেক ক্রিকেটাররা।

হাফিজকে দলে না রাখায় হতাশা প্রকাশ করে সেলিম বলেন,’‘দলে একজন সিনিয়র ক্রিকেটারের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। সিনিয়র ছাড়া পুরো চাপ জুনিয়রদের ওপর পড়ে যায়। জুনিয়রদের অবশ্যই সুযোগ করে দিতে হবে, তাই বলে সিনিয়রদের উপেক্ষা করা উচিত নয়। হাফিজ পাকিস্তানের একজন দুর্দান্ত ক্রিকেটার, সে অবিশ্বাস্য ফর্মে রয়েছে।’’

তিনি আরও বলেন,’‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে হাফিজকে বাদ দেয়া ঠিক হয়নি। আমার মনে হয় মোহাম্মদ হাফিজের সঙ্গে পিসিবি অবিচার করেছে। কিছু লোক আছে যারা সিনিয়রদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে খেলাতে চায় না। আমি মনে করি হাফিজের সঙ্গে রীতিমত অন্যায় করা হয়েছে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »