নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
৯ বছর আগে ভারতের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এরপর ২০১৬ সালের সিরিজে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছিল ইংলিশরা। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। তবুও ভারতের বিপক্ষে একটি ম্যাচও জিতবে না বলে মন্তব্য করেছেন গৌতম গম্ভীর।
উপমহাদেশের মাটিতে ইংল্যান্ডের পারফরম্যান্স একবারে নাজুক তা নয়। কদিন আগে গলের স্পিন সহায়ক পিচে দাপট দেখিয়েছেন ডম বেস ও জ্যাক লিচরা। তাঁদের সঙ্গে কম যাননি জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডরাও।
যদিও এসব নিয়ে খুব বেশি ভাবতে নারাজ গম্ভীর। তাঁর ধারণা, ভারতের কাছে পাত্তাই পাবে না ইংলিশরা। খুব বেশি হলে দিবা রাত্রির টেস্টটি জিততে পারে ইংল্যান্ড। তবুও কন্ডিশনের কারণে সেয়ানে সেয়ানে লড়াই হবে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে গম্ভীর বলেন,’‘তাদের যে স্পিন আক্রমণ আছে, এটা নিয়ে ইংল্যান্ডের একটি টেস্টও জেতার সম্ভাবনা দেখছি না। সিরিজটি হবে ৩-০ কিংবা ৩-১। আমি শুধু গোলাপি বলের টেস্টটাই দিতে পারি (ইংল্যান্ডকে), তবে কন্ডিশনের দিক থেকে এটাও ইংল্যান্ডের জন্য হবে ৫০-৫০।’’
জসপ্রিত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনদের মতো বোলারদের সামলাতে হিমশিম খাবেন রুট। এমনটাই মন্তব্য করেছেন ৩৯ বছর বয়সি গম্ভীর।
এ প্রসঙ্গে তাঁর ভাষ্য,’‘জো রুটের জন্য সিরিজটি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটি চ্যালেঞ্জ। হ্যাঁ, সে শ্রীলঙ্কায় ভালো করেছে। তবে যখন জসপ্রিত বুমরাহর মুখোমুখি হবে কিংবা অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত খেলে আকাশচুম্বী আত্মবিশ্বাসে থাকা অশ্বিনের সামনে পড়বে, আমি নিশ্চিত এটা হবে ভিন্ন অভিজ্ঞতা।’’
