নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট আগামীকাল থেকে শুরু হবে চট্টগ্রামে। অথচ কেমন হবে প্রথম টেস্টের একাদশ সেটা এখনো নির্ধারণ করতে পারেনি বাংলাদেশ দল। পেস নাকি স্পিনে প্রাধান্য দিয়ে একাদশ সাজানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে উইকেটের আচরণ দেখে।
চট্টগ্রামের মাঠে বিগত টেস্টগুলোতে স্পিন বোলিংয়ে প্রাধান্য দিয়েই সাধারণত একাদশ সাজানো হত। তবে আফগানিস্তানের কাছে এই স্পিনের কারণেই ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ। এরপর কিছুটা হলেও কমেছে স্পিনের নির্ভরতা। বিশেষ করে স্পিনের সহায়তা ছাড়াই এম এ আজিজ স্টেডিয়ামের উইকেটে প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয় স্পিনার রাহকিম কর্নওয়াল ছড়ি ঘুরানোর পর একটু তটস্থই থাকতে হচ্ছে বাংলাদেশকে।
কৌশলগত কারণে হোক কিংবা উইকেট নিয়ে দুর্ভাবনা- ম্যাচ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক একাদশ নিয়ে কিছু বলতে চাইলেন না।
তার দাবি, বোলিং কম্বিনেশন কিংবা ওপেনিংয়ে কে হবেন তামিম ইকবালের সঙ্গী- সেসব সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার (৩ ফেব্রুয়ারি) ম্যাচের দিন সকালে।
মুমিনুল বলেন,’‘কাল সকালে কন্ডিশন বুঝে আমরা সিদ্ধান্ত নিব। তিন পেস বোলার হবে নাকি দুই পেস বোলার হবে তা সকালেই আপনারা জানতে পারবেন। এখন সিদ্ধান্ত নেওয়া বা বলা কঠিন। তামিম ভাইয়ের সঙ্গী কে হবে সেই সিদ্ধান্তও কাল সকালেই আমরা নিব।উইকেট নিয়ে আপাতত কিছু বলা খুবই কঠিন। এটা অনেকাংশে নির্ভর করে আমাদের শক্তিমত্তার উপরও। আমরা কেমন শক্তিমত্তা চাচ্ছি, কন্ডিশন কেমন, উইকেট কেমন- সেই অনুযায়ীই দল করা হয়।”
