বাংলাদেশকে এগিয়ে রাখছেন সিমন্স-

মারুফ ইসলাম ইফতি »

দীর্ঘ প্রায় ১ বছর পর আগামীকাল (বুধবার) বন্দরনগরীর জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নামবে টাইগাররা। করোনা পরবর্তী ক্রিকেটে ফিরে রঙিন পোশাকে সফরকারীদের ধবলধোলাই করে প্রত্যাবর্তনটা রঙিন পোশাকের মতোই রঙিন করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজেও একই স্বাদ গ্রহনের লক্ষ্যে ২ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল সফরকারীদের মুখোমুখি হবে মমিনুল বাহিনী।

নিজেদের কন্ডিশনে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর সেটা খুব ভাল করেই জানেন উইন্ডিজ কোচ ফিল সিমন্স। আর তাই মূল ম্যাচে মাঠে নামার আগে স্বাগতিকদের এগিয়ে রাখছেন সফরকারী দলের কোচ।

করোনার পর এই প্রথম টেস্ট ফরম্যাটে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ সাদা পোশাকে মমিনুল বাহিনী আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বছরখানেক আগে। অন্যদিকে বাংলাদেশ সফরের আগেও টেস্ট সিরিজ খেলে এসেছে উইন্ডিজরা। তবুও উইন্ডিজ গুরুর চোখে এই সিরিজে সফরকারীদের তুলনায় বেশ এগিয়ে থাকবে বাংলাদেশ।

আসন্ন টেস্ট সিরিজ নিয়ে এক ভারচুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেছেন উইন্ডিজ কোচ। সিরিজে বাংলাদেশকে এগিয়ে রেখে সিমন্স বলেন:
বাংলাদেশ ১ বছর খেলেনি, আর আমরা খেলার মধ্যে ছিলাম এই সমীকরণে চিন্তা করে নিজেদের এগিয়ে রাখার কোন সুযোগ নেই আমাদের। নিজেদের কন্ডিশনে শুধু আমরা নই, বিশ্বের যেকোন দলের বিপক্ষেই এগিয়ে থাকবে বাংলাদেশ। নিজেদের গ্রাউন্ডে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর প্রতিপক্ষ সেটা সবারই জানা। এক বছর ক্রিকেটের বাইরে থাকলেও নিজেদের কন্ডিশনে বাংলাদেশ সবসময় শক্তিশালী প্রতিপক্ষ থাকবে।

তবে লম্বা সময় এই ফরম্যাটের বাইরে থাকায় শুরুর দিকে কিছুটা অস্বস্তিতে থাকবে বাংলাদেশ! এমনটাই ধারনা ক্যারিবিয়ান কোচের। শুরুর দিকে সম্ভাব্য সেই দুর্বলতার সুযোগ কাজে লাগাতে চান সিমন্স।
এই ব্যাপারে সিমন্স আরো জানান: আমার মনে হয় টেস্টের শুরুতে ওরা কিছুটা অস্বস্তিতে থাকবে। লম্বা সময় পর এই ফরম্যাটে ফিরে তাদের শুরুটা নড়বড়ে থাকতে পারে। সেই সুযোগ তৈরি হলে আমরা সেটা কাজে লাগাতে চাই। যদিও সাকিব-তামিমের মতো অভিজ্ঞদের কল্যানে সেই অস্বস্তি তারা খুব দ্রুত কাটিয়ে নিবে, তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করবো ওদের অস্বস্তির সুবিধা নিতে।

উল্লেখ্য, আগামীকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি। থেকে।

নিউজক্রিকেট/ মারুফ ইসলাম ইফতি

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »