উইকেটে পেসারদের সহায়তা না থাকা দুর্ভাগ্যজনক: ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

একটা সসময় পেস বোলারদের হাহাকার ছিল কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে জাতীয় দলের পুলে এখন এক ঝাঁক প্রতিভাবান পেসার রয়েছে। তবে এই পেসাররা দেশের মাটিতে ভালো করার তেমন সুযোগ পাচ্ছেন না। কারণ, এখনো বাংলাদেশে উইকেট তৈরির ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে স্পিনারদের।

বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে, দলে প্রতিভাবান পেসার থাকলেও পেস বান্ধব উইকেট থাকছে না চট্টগ্রাম টেস্টে।

  • ডমিঙ্গো বলেন,’‘এটি একটি কঠিন বিষয়। কারণ আমাদের হাতে বেশ কিছু দারুণ তরুণ পেসার আছে। তাসকিন বেশ ভালো গতিতে বোলিং করছে। হাসান খুবই রোমাঞ্চকর। এবাদত, রাহী খুবই ভালো করেছে, খালেদও আছে। কিন্তু চট্টগ্রামের পিচ আমরা গত দুই দিনে যতটা দেখেছি, তাতে পেসারদেরকে হুমকিস্বরূপ মনে হয়নি।’’

উইকেট পেসারদের পক্ষে না থাকার বিষয়টিকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে ডমিঙ্গো বলেন,’‘এটি দুর্ভাগ্যজনক যে পিচ এরকম। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা আমাদের শক্তির জায়গা অনুযায়ী খেলবো। আমরা সিস্টেমের মধ্য দিয়ে পেসার বের করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। যেটা আমরা ওয়ানডেতে দেখিয়েছি। আমরা চাচ্ছি একটি পেসারদের গ্রুপ তৈরি করতে কারণ দেশের বাইরে তারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’’

ডমিঙ্গো স্পষ্ট করেছেন, এই ম্যাচে পেসারদের বেশি প্রাধান্য দেওয়ার সুযোগ নেই। অনভিষিক্ত পেসার হাসান মাহমুদেরও এই টেস্টে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

তিনি বলেন,”যদি আপনি পেসারদের সাহায্য করে না এমন উইকেটে পেসারদের নিয়ে আক্রমণ সাজান, সেটি বোকার মত কাজ হবে। অভিষিক্ত কোনো পেসারের জন্য এমন পিচে খেলা কঠিন ব্যাপার। আমরা নির্বাচকদের সঙ্গে আগামীকালের মধ্যে আলোচনা করবো পেস এবং স্পিন মিলিয়ে একটি আদর্শ বোলিং লাইনআপের ব্যাপারে। এবং আমরা আগামীকাল আবার কন্ডিশন এবং পিচ পর্যবেক্ষণ করে একাদশ কেমন হবে সেটি নিশ্চিত করব।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »