নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জনজীবন সুস্থ-স্বাভাবিক রাখতে সাধারণ মানুষকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। এর আগে তিনি নিজে করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন। সেই স্মৃতিও তুলে ধরেন তিনি।
ইতোমধ্যে বেশ কয়েকটি দেশে দেওয়া শুরু হয়েছে করোনার ভ্যাকসিন প্রদান। ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে চেন্নাইয়ে রয়েছেন তিনি। সেখান থেকে ‘জুমে’ মিডিয়ার সঙ্গে কথা বলেন মঈন। মিডিয়ার সঙ্গে আলাপকালে সবাইকে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আলাপকালে তিনি বলেন,“এই মুহূর্তে আমি হলে করোনার ভ্যাকসিন নিয়ে নিতাম এবং অন্যদেরও নিতে অনুপ্রাণিত করতাম। এই সম্পর্কে যাদের ধারণা আছে তাদের সঙ্গে আলোচনা করে আমি নিজে নিতাম, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকেও নিতে বলতাম এবং অন্যদেরও বলতাম ভ্যাকসিন গ্রহণ করতে।”
করোনার ভ্যাকসিনের পেছনে ষড়যন্ত্রের তত্ত্ব খুঁজতে নিষেধ করলেন মঈন। মূলত এটি বলার পেছনের কারণ হলো, জাতিগত কারণে করোনার এই ভ্যাকসিন নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন ইংল্যান্ডের মুসলিম নেতারা সেই সাথে ভ্যাকসিন নেওয়ার আগে ভালোভাবে নিশ্চিত হতেও বলেন তারা। মূলত সেটির প্রেক্ষিতেই ভ্যাকসিনের পেছনে ষড়যন্ত্র তত্ত্ব না খুঁজতে বললেন মঈন।
এ বিষয়ে তিনি আরোও বলেন,“এটা অন্যান্য ভ্যাকসিনের মতোই। এটি নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব শোনা যাচ্ছে। অথচ এখানে চিকিৎসা বিজ্ঞানের বাইরে কিছুই নেই। আমাদের সমাজের মানুষ কোন কিছু নেওয়ার আগে অনেক সতর্কতা অবলম্বন করে। তবে মূল ব্যাপার হলো সবকিছু আগের মতো স্বাভাবিক হওয়া।”
ঘরে বসে একা ১৪ দিন কাটানো যে মোটেও সহজ ছিল না সেই অভিজ্ঞতার কথাও জানান তিনি। সেই সাথে এমন যেন অন্য কারো সঙ্গে না ঘটে সেই দোয়াও করেছেন মঈন আলী। তিনি বলেন,“১৪ দিন ঘরে বন্দী থাকা মোটেও সহজ ছিল না আমার জন্য বিশেষ করে শেষ চারদিন। কারণ সে সময়টায় আমার শারীরিক অবস্থার উন্নতি হলেও বন্দী ঘরেই আটকে থাকতে হয়েছে।”
