ডেস্ক রিপোর্ট »
আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের স্কোয়াডে জায়গা হয়নি মোহাম্মদ হাফিজের। কারণ হিসেবে বলা হয়েছে আবুধাবি টি-১০ লিগে তার ব্যস্ততা নিয়ে। তবে পাকিস্তান দলের নির্বাচকদের এমন কথা এবং কাজে বেশ অবাক হয়েছেন হাফিজ। তাছাড়া পিসিবির সাথে যে তার যোগাযোগ নেই সেটাও প্রমাণ করেছে এই ঘটনা।
আবুধাবি টি-১০ লিগে মারাঠা অ্যারাবিয়ান্সের পক্ষে খেলছেন হাফিজ। সংক্ষিপ্ত সংস্করণের এই টুর্নামেন্টে ব্যাট হাতে ছন্দে আছেন তিনি। জাতীয় দলের পক্ষে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। ২০২০ সালে পাকিস্তানের পক্ষে টি-২০ ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান ছিলেন হাফিজ। কিন্তু তার সাথে যোগাযোগ না করেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াড নির্ধারণ করে ফেলেছে পাকিস্তান।
স্কোয়াড ঘোষণার পরে সেখানে নিজেকে না দেখে বেশ অবাক হয়েছে হাফিজ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্কোয়াডের একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন’।
হাফিজ এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে সংবাদমাধ্যমে জানিয়েছেন, তার কাছে দেশই সবার আগে এবং পাকিস্তানের পক্ষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত ছিলেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান স্কোয়াড :
বাবর আজম-(অধিনায়ক), আমির ইয়ামিন, আসিফ আলি, দানিশ আজিজ, ফাহিম আশরাফ, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, হোসেন তালাত, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ্, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহীন আফ্রিদি, উসমান কাদির, জাফর গোহার, জাহিদ মাহমুদ।
