ডেস্ক রিপোর্ট »
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গিয়েছিলেন কয়েক বছর আগেই। তবে এখনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলো খেলে বেড়াচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি জানান এখনই থামছেন না, খেলতে চান আরও দুই-এক বছর!
চলতি টি-টেন লিগে প্রথম ম্যাচে বল হাতে দুই উইকেট তুলে নেন আফ্রিদি। এছাড়া বিপিএল, পিএসএল, টি-টেনের মতো টুর্নামেন্টগুলোতে দিব্যি খেলে বেড়াচ্ছেন ৪১ বছর ছুঁই ছুঁই এই ক্রিকেটার। সম্প্রতি সময়ে টি-টেনে নাম লিখিয়েছেন তিনি। প্রথম ম্যাচে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।
ম্যাচ শেষে তিনি জানান এখনই ক্রিকেটকে বিদায় জানাতে চান না। তার ভক্তদের জন্য খেলে যেতে আরও দুই-এক বছর। তিনি বলেন,“ভালো ব্যাপার হচ্ছে, আমি এখনো ক্রিকেট খেলাটাকে উপভোগ করি। ক্রিকেটের প্রতি আমার এবং ভক্তদের আবেগও প্রচুর। তারা এখনো আমাকে মাঠে খেলতে দেখতে চায়। ভক্তদের জন্যই আমি ক্রিকেট খেলতে ভালোবাসি এবং তাদের জন্য হলেও অন্তত আরও দুই-এক বছর খেলতে চাই।”
তিনি আরও যোগ করেন,“ক্রিকেট খেলার জন্য শতভাগ ফিট এবং আত্মনিবেদন থাকা বেশি জরুরী। আমি চেষ্টা করছি এসব মাথায় নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে।”
