ডেস্ক রিপোর্ট »
ঘরের মাঠে সব সময়ের জন্যই শক্ত দল ভারত। ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলাটা বরাবরই অনেক চ্যালেঞ্জের। অধিনায়ক কোহলির উপস্থিতি আরো ভাবিয়ে তুলছে তাঁদের কারণ, ইংলিশদের বিপক্ষে ঘরের মাঠে কোহলির পারফরম্যান্স চোখে লাগার মতো।
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৭০ এর উপর গড় ভারতীয় এই অধিনায়কের। যে কারণে সফরকারীদের জন্য বড় চিন্তার কারণ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে কোহলিকে ফেরানোর উপায় জানা নেই বলে জানিয়েছেন মঈন আলী। তিনি মনে করেন, কোহলির কোনো দুর্বলতা নেই।
কোহলি প্রসঙ্গে মঈন বলেন,’‘কিভাবে আপনি তাকে আউট করবেন? সে অবশ্যই দারুণ খেলোয়াড়। ভালো খেলার জন্য সব সময় মুখিয়ে থাকে। অস্ট্রেলিয়ায় দলের অমন জয়ে থাকতে পারেনি, এবার নিশ্চয়ই সব পুষিয়ে দিতে চাইবে। জানি না কীভাবে তাকে আউট করব। কারণ আমার মনে হয় না তার কোন দুর্বলতা আছে। কিন্তু আমাদের বেশ ভালো বোলিং আক্রমণ আছে, পেস-স্পিনের ভালো মিশেল আছে।’’
শ্রীলঙ্কা সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন ডম বেস। ফলে একাদশে জায়গা পেতে কিছুটা হলেও বেগ পোহাতে হবে এই ইংলিশ অলরাউন্ডারকে। দীর্ঘদিন খেলার বাইরে থাকলেও মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন,’‘আমি একাদশে জায়গা পাব কিনা সেটা আরেক ব্যাপার। খেলার প্রস্তুতির ব্যাপারে যদি বলি। একদম প্রস্তুত আছি মাঠে নামতে। অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করছি।’’
