ডেস্ক রিপোর্ট »
বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম পছন্দেরর ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। পূজারার এই ব্যাটিং টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত হলেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মোটেও কার্যকরী নয়। যে কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোন ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ভেড়াতে তেমন আগ্রহ দেখায় না।
সর্বশেষ প্রীতি জিনতার দলের হয়ে এক বছর খেলেছিলেন। এরপরে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ফলে ২০১৪ সালের পর থেকেই মন্থর ব্যাটিং ভঙ্গির কারণে পূজারাকে আর কোন দলই নিলামে কিনতে আগ্রহ দেখায়নি। বর্তমানে পূজারা তাই আইপিএলে খেলার ইচ্ছা পোষণ করেছেন। এমনকি এই টুর্নামেন্টে ভালো খেলার ব্যাপারেও তিনি বেশ আত্মবিশ্বাসী।
ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডি টিভিকে দেয়া এক সাক্ষাতকারে পূজারা বলেন,”অবশ্যই আমি আইপিএলে খেলতে চাই। আমাকে একটি সুযোগ দিন। এখানে ভালো করার মতো যথেষ্ট সামর্থ্য রয়েছে আমার, এ ব্যাপারে আমি খুবই আত্মবিশ্বাসী।”
সম্প্রতি রোহিতের সঙ্গী হিসেবে শুভমান গিলও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। এই দুজনই প্রতিপক্ষ বোলার ওপর আক্রমণাত্বক ব্যাটিং করতে পারেন। যেটা পূজারাকে তাঁর সহজাত খেলাটি খেলতে সাহায্য করে বলে মত দেন তিনি।
এ প্রসঙ্গে পূজারা বলেন,”তারা দুজনেই আক্রমণাত্বক খেলোয়াড়। যদি আমার অন্য সঙ্গী বোলারদের ওপর চড়াও হয় তবে এটি আমার প্রাকৃত খেলাটি খেলতে দেয়। আমি ভিরু পাজির (শেবাগ) সঙ্গেও ব্যাটিং করেছি, যেখানে তিনি তাঁর ব্যাটিং দিয়ে প্রতিপক্ষ বোলারদের চাপে রাখতেন। জুটি গড়ে তোলার ক্ষেত্রে এটাই দুর্দান্ত উপায়।”
