ইংল্যান্ডকে স্বস্তি দেবে জাদেজার অনুপস্থিতি

ডেস্ক রিপোর্ট »

সর্বশেষ বিদেশের মাটিতে সিরিজ জিতে দেশে ফিরেছে ভারতীয় দল। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বিরাটের নেতৃত্বাধীন দল ভারত। তবে আসন্ন ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে থাকবেন না রবীন্দ্র জাদেজা। আর এটিকে স্বস্তির খবর মানছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্ক বুচার।

 

বর্তমান সময়ে ফর্মের তুঙ্গে রয়েছেন জাদেজা। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ব্যাট এবং বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। এছাড়া উপমহাদেশের পরিবেশে বাঁহাতি স্পিনারদের বিপক্ষে ইংল্যান্ড এখনো তাদের ব্যাটিং দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি।

 

শ্রীলঙ্কান স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া গল টেস্টের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের একাই ১০ উইকেট তুলে নিয়েছিলেন। আর এমন পারফরম্যান্সের কারণে বুচার জানিয়েছেন, জাদেজার অনুপস্থিতি স্বস্তি দিবে সফরকারীদের।

 

এ প্রসঙ্গে সাবেক এই ক্রিকেটার বলেন,”তাকে (এম্বুলদেনিয়া) মোকাবিলা করতে আমাদের ব্যাটসম্যানদের অনেক সমস্যা হয়েছে। তাই জাদেজার অনুপস্থিতি ইংল্যান্ডকে আত্মবিশ্বাস যোগাবে। ভারতের বোলিং আক্রমণ এমনিতেই বিশ্বমানের। কিন্তু জাদেজা তাতে বাড়তি মাত্রা যোগ করে।”

 

পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে নিয়মিত ওপেনার ররি বার্নস দলে ফেরায় উদ্বোধনী জুটিতে ডান ও বাঁহাতের সংমিশ্রন চান বুচার।

 

এ প্রসঙ্গে তিনি আরও বলেন,”(ররি) বার্নস ও সিবলির উচিত ইনিংস শুরু করা। একজন ডানহাতি ও একজন বাঁহাতির সংমিশ্রণ ভীষণ কার্যকরী হতে পারে। তাওরা ভালো শুরু পেয়ে গেলে বাকি ব্যাটসম্যানরাও আত্মবিশ্বাস পাবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »