নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ দুই বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তাঁর মেয়াদ শেষ হওয়ার কারণে এই পদে নতুন স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়ার সেক্রেটারি জয় শাহ। এ খবরটি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল।
সাধারণত বিসিসিআইয়ের সভাপতির এসিসি প্রধানের দায়িত্ব গ্রহণ করার কথা থাকে। কিন্তু এই ক্ষেত্রে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ এই পদের দায়িত্ব নিতে চলেছেন। আর এশিয়ার এই ক্রিকেট সংস্থার শীর্ষ পদে প্রতি দুই বছর পর পর তার সদস্যদের মধ্যে পরিবর্তিত হয়। এরই অংশ হিসেবে পাপনের পদে বসতে যাচ্ছেন জয় শাহ।
এসিসির সভাপতি পদ পাওয়ায় নিজেকে বেশ সন্মানিত বোধ করছেন জয় শাহ। বিসিসিআইয়ের সকল সহকর্মীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,”আমি এই সম্মান গ্রহণ করছি। আমাকে এই সম্মানজনক পদে যোগ্য বলে বিবেচনা করার জন্য এবং আমাকে মনোনীত করার জন্য, আমি বিসিসিআইয়ে আমার সম্মানিত সহকর্মীদের ধন্যবাদ জানাই। এই অঞ্চলে খেলাধুলার আয়োজন, বিকাশ ও প্রচারের লক্ষ্যে গঠিত এসিসি ক্রমাগতভাবে প্রসারিত হচ্ছে। এসিসি ক্রমবর্ধমান কিছু বড় দেশগুলির মধ্যে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা জোরদার করে চলেছে এবং খেলাধুলাকে আরও গভীরতর করে তুলছে। আমাদের অবশ্যই এই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এই অঞ্চলের ক্রিকেটে উন্নয়ন ঘটেছে।”
এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি বলেন,”এটা এসিসিতে এক স্বচ্ছন্দ পরিবর্তন। এবার বিসিসিআইয়ের পালা এবং এসিসি সভাপতি কে হবেন তাতে তাদের ইচ্ছের অগ্রাধিকার রয়েছে। তার জন্য আমার শুভেচ্ছা।”
